লৌহজংয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজংয়ে জুলহাস হাওলাদার নামের এক রিকশাচালককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার রাত ১২টার দিকে লৌহজং থানায় মামলাটি করেন জুলহাসের বড় ভাই।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন। তিনি বলেন, নিহত জুলহাসের বড় ভাই আকবর হোসেন মামলায় ৯ জনের নাম উল্লেখ করেছেন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করেছেন তিনি।

আরও পড়ুন

শুক্রবার সকালে জুলহাসকে পদ্মা সেতুসংলগ্ন মাওয়া চার রাস্তা এলাকায় ডেকে নিয়ে যান পদ্মা সেতুর কাজে নিয়োজিত নিরাপত্তাকর্মীরা। সেখানে চুরির অভিযোগ তুলে তাঁকে রড দিয়ে বেদম পেটানো হয়। এতে গুরুতর আহত হন জুলহাস। পরে তাঁর স্বজনদের খবর দেওয়া হয়। স্বজনেরা এসে তাঁকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন মো. সেলিম, মো.রাব্বি, তপু মিয়া, আল-আমিন হোসেন, আরিফ হোসেন, আবদুল মান্নান, ইসরাফিল, রুবেল হোসেন, সুশান্ত শীল ও মীর শাহ আলম। তবে মামলার এজাহার থেকে মীর শাহ আলম ও ইসরাফিলের নাম বাদ দেওয়া হয়েছে।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (লৌহজং-শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান আজ শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ব্যাপক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাইয়ে ওই ১০ জনের মধ্যে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে ৮ জনের জড়িত থাকার প্রমাণ মেলে। তাঁদের আজ দুপুরে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অন্য দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

নিহত জুলহাস হাওলাদার (৩৫) লৌহজং উপজেলার কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের মৃত হাসান হাওলাদারের ছেলে। জুলহাস ব্যাটারিচালিত রিকশা চালাতেন। তাঁর পাঁচ বছরের ছেলে ও আড়াই বছরের মেয়ে রয়েছে।

নিহত জুলহাসের বড় ভাই আকবর বলেন, চার-পাঁচ মাস আগে জুলহাস পদ্মা সেতু প্রকল্পের অধীনে ব্লক বানানোর কাজ করতেন। নিজে টাকা জমিয়ে একটি অটোরিকশা কেনার পর তিনি ওই কাজ ছেড়ে দেন। তিনি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।