শিক্ষার্থী–অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে ব্রাহ্মণবাড়িয়ার অনেক পরীক্ষার্থী ও অভিভাবক অসন্তোষ প্রকাশ করেছেন। অভিভাবকেরা এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য শিক্ষামন্ত্রী দীপু মনিকে অনুরোধ জানিয়েছেন।

তবে যেসব শিক্ষার্থীর জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল ভালো, সেসব শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা শিক্ষামন্ত্রীর এ সিদ্ধান্তে খুশি। আবার করোনার কারণে নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেওয়ায় অনেক শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা এ সিদ্ধান্তে সন্তুষ্ট।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী সানজিদা আক্তার বলেন, ‘আমি জেএসসিতে জিপিএ ৪ দশমিক ৯৭ এবং এসএসসিতে জিপিএ ৪ দশমিক ৭১ পেয়েছি। মেডিকেলে ভর্তি হওয়ার জন্য পড়াশোনা করছি। প্রস্তুতিও ভালো ছিল। কিন্তু সরকারের এ সিদ্ধান্তে আমি ক্ষতিগ্রস্ত হব।’

ব্রাহ্মণবাড়িয়ার মনোয়ারা বেগম নামের এক অভিভাবক বলেন, যাদের এসএসসি ও জেএসসির ফলাফল ভালো, তারা সরকারের এ সিদ্ধান্তে সবচেয়ে বেশি খুশি হয়েছে। কিন্তু অনেক শিক্ষার্থী আছে, যাদের আগের দুটি পরীক্ষার ফলাফল মোটামুটি, তারা এইচএসিতে ভালো প্রস্তুতি নিয়ে রেখেছিল। হয়তো তারা তাদের প্রত্যাশিত ফলও পেত। এখন তো তারা তাদের প্রত্যাশিত জায়গায় যেতে পারবে না।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলাম বলেন, ‘এইচএসসি পরীক্ষা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এইচএসসির ফলাফলের ওপর নির্ভর করেই শিক্ষার্থীরা তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যায়। এ ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়–কলেজে ভর্তির সুযোগ পাবে। করোনার কারণে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এ বিষয়ও মাথায় রাখা উচিত যে অনেক শিক্ষার্থী আছে, যারা জেএসসি ও এসএসসির ফলাফলের তুলনায় এইচএসসিতে ভালো করার সক্ষমতা রাখে।

ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের শিক্ষার্থী প্রিয়াঙ্কা দেবনাথ ও শর্মিষ্ঠা কর বলেন, ‘এইচএসসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত ঠিক কতটা যুক্তিযুক্ত হয়েছে, বুঝতে পারছি না। কারণ, যাদের ভালো জিপিএ আছে, তারা এ সিদ্ধান্তে সুবিধা পাবে। কিন্তু যাদের জিপিএ কম এবং যারা এইচএসসি ভালোর করার পরিকল্পনা নিয়ে পড়াশোনা করেছে, তাদের বিরাট ক্ষতি হয়ে যাবে। আমার লক্ষ্যই ছিল এইচএসসির ফলাফল দিয়ে এসএসসির ঘাটতিটা পূরণ করব।’ ওই দুই শিক্ষার্থী আরও বলে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জেএসসির ফলাফল মূল্যায়িত হয় না। অনেক শিক্ষার্থীই এসএসসির ফলাফলের চেয়ে এইচএসসিতে ভালো করে। কিন্তু এখন তো বৈষম্য হবেই।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জেএসসির ফলাফল মূল্যায়িত হয় না। অনেক শিক্ষার্থীই এসএসসির ফলাফলের চেয়ে এইচএসসিতে ভালো করে। কিন্তু এখন তো বৈষম্য হবেই।
প্রিয়াঙ্কা দেবনাথ ও শর্মিষ্ঠা কর, শিক্ষার্থী, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কলেজশিক্ষক বলেন, সিদ্ধান্তটি ভালো হয়নি। কারণ, ভালো শিক্ষার্থীরা এ জন্য ধরা খাবে। দেখা গেছে, করোনার কারণে অনেক শিক্ষার্থী তেমন পড়াশোনা করেনি। কিন্তু যাদের লক্ষ্য অটুট ছিল, তারা ঠিকই পড়াশোনা করেছে। আবার এসএসসিতে ভালো জিপিএ পাওয়া অনেক শিক্ষার্থীই এইচএসিতে ভালো জিপিএ পায় না। প্রকৃত মেধাবীরাই এইচএসসিতে ভালো জিপিএ পেয়ে থাকে। কিন্তু সরকারের এ সিদ্ধান্তে মেধাবীরা ঠকে যাবে। খারাপ ছাত্রছাত্রীরাও এখন গড়ে ভালো জিপিএ পেয়ে যাবে। তবে সরকারের এ সিদ্ধান্তের সবচেয়ে ভালো দিক হলো এখন সবাই পাস করে যাবে।

আরও পড়ুন