শিগগিরই শুরু হবে হাওরে উড়ালসড়ক নির্মাণ প্রকল্পের কাজ: পরিকল্পনামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে ‘হাওরে উড়াল সড়ক’ প্রকল্পের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জের হাওর এলাকায় উড়ালসড়ক নির্মাণ প্রকল্পের কাজ শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘এই প্রকল্পটি আমরা অত্যন্ত স্পর্শকাতর জায়গায় করছি। হাওর হলো আমাদের মা, মায়ের বুকের ওপর দিয়ে কাজ হবে। এ জন্য প্রধানমন্ত্রী বারবার আমাদের সতর্ক করে দিয়েছেন। তিনি আমাদের বলেছেন, একটি হিজল-করচগাছও যেন নষ্ট না হয়, মাছের যেন কোনো ক্ষতি না হয়। তাঁর প্রতিটি নির্দেশনা মেনেই আমরা কাজ করব।’

আজ বৃহস্পতিবার বিকেলে ‘হাওর এলাকায় উড়ালসড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভা হয়।

হাওর এলাকায় এই উড়ালসড়ক নির্মাণ প্রকল্পকে ‘জলাভূমিতে টেকসই সড়ক নির্মাণে শেখ হাসিনা মডেল’ বলে উল্লেখ করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকৌশলী নন, তিনি একজন চিন্তক, অগ্রসর ও দক্ষ মানুষ। তাঁর ভাবনা থেকেই এই প্রকল্পের সৃষ্টি। এটি একটি আইকনিক প্রকল্প। ৩ হাজার ৪৯০ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের উত্তর-পূর্ব কোণে ভূমিধস পরিবর্তন আসবে। ভূমিধস বলছি ইতিবাচক অর্থে। এই প্রকল্পে দেশের অবকাঠামো উন্নয়নে নতুন দিক উন্মোচিত হবে।’

আরও পড়ুন

একটি মহল ভয় দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায় উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এসব দেখিয়ে লাভ নেই। মানুষ ভয় পায় না। শেখ হাসিনার উন্নয়নে মানুষ মজা পেয়ে গেছে। এখন উন্নয়নে কেউ বাধা দিলে তাদের প্রতিহত করা হবে।’

সুনামগঞ্জের একটি হাওর
ছবি: খলিল রহমান

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। সভায় প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন প্রকল্প পরিচালক গোলাম মওলা। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মহিবুর রহমান, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন এবং সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা। সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, পরিবেশ অধিদপ্তরের সিলেট কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, এলজিইডির সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি রোকেস লেইস, বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সফর উদ্দিন, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকন, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আইনুল ইসলাম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সাংবাদিক শামস শামীম, বিন্দু তালুকদার, হিমাদ্রী শেখর ভদ্র প্রমুখ।

প্রকল্প সূত্রে জানা গেছে, গত বছরের ২৩ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ‘হাওর এলাকায় উড়ালসড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ অনুমোদিত হয়। এটির ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৯০ কোটি টাকা। হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলার সঙ্গে নেত্রকোনা জেলার আধুনিক যোগাযোগ স্থাপন, এই দুই জেলার পাঁচটি উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগের উন্নয়ন, হাওর এলাকার ভৌত অবকাঠামো উন্নয়ন, কৃষিপণ্য ও মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি এবং দ্রুততম সময়ে ও সহজে পরিবহনসুবিধা নিশ্চিত, হাওরকেন্দ্রিক পর্যটনের প্রসার এবং মানুষের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প নেওয়া হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্প বাস্তবায়নে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং সেতু বিভাগকে সমন্বয় করতে নির্দেশনা দিয়েছেন। ২০২৬ সালের জুন মাসে এই প্রকল্পের কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে বাস্তবায়নকারী সংস্থা।