নিঃশর্ত ক্ষমা চাইলেন রামু থানার ওসি
পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের সঙ্গে তথ্যচিত্র নির্মাণের কাজে যুক্ত শিক্ষার্থী শিপ্রা দেবনাথের বিরুদ্ধে করা মামলায় গরমিলের ঘটনায় আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।
আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে ওসি কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (আমলি আদালত, রামু) হাজির হয়ে ঘটনার জন্য হাতজোড় করে ক্ষমা চান। আদালতের বিচারক মো. দেলোয়ার হোসাইন ওসির নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেননি।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিও চিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে রামুর হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা। এ সময় পুলিশ সিনহার সঙ্গে থাকা সাহেদুল ইসলাম সিফাতকে আটক করে। পরে নীলিমা রিসোর্ট থেকে শিপ্রা দেবনাথকে আটক করা হয়। দুজনই এখন জামিনে মুক্ত।
হাত তুলে ওসির নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিষয়টি আমলে নেন আদালত। তবে ভুলের জন্য ওসিকে ক্ষমা করা হবে, নাকি অন্য কিছু; তা আদেশের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।বিমান চন্দ্র কর্মকার, শিপ্রা দেবনাথের মামলার তদন্ত কর্মকর্তা
শিপ্রার আইনজীবী মাহবুবুল আলম বলেন, ৩১ জুলাই রাতে নীলিমা রিসোর্ট থেকে শিপ্রার ল্যাপটপ, মুঠোফোন, হার্ডডিস্ক, নগদ দুই লাখ টাকাসহ ২৯ প্রকার মালামাল জব্দ করে রামু থানার পুলিশ। আদালতের নির্দেশে রামু থানার পুলিশ শিপ্রার জব্দ মালামালগুলো ২০ আগস্ট মধ্যরাতে মামলার তদন্ত কর্মকর্তা ও র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের কাছে হস্তান্তর করে। কিন্তু একই মামলায় জব্দ মালামালের বিপরীতে থানায় পৃথক জিডি লিপিবদ্ধ করা হয়। মামলার এ গরমিলের কারণ জানাতে ওসি আবুল খায়েরকে সাত কর্মদিবসের মধ্যে আদালতে সশরীর হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন আদালত।
আজ বেলা একটা দিকে ওসি আবুল খায়ের আদালতের কাঠগড়ায় দাঁড়ান। এ সময় বিচারক মো. দেলোয়ার হোসাইন ওসিকে প্রশ্ন করেন, শিপ্রা দেবনাথের বিরুদ্ধে মাদক মামলায় জব্দ মালামালের বিপরীতে পৃথক জিডি লিপিবদ্ধ কেন? গরমিলের কারণ কী?
কোনো সদুত্তর দিতে না পেরে ওসি আবুল খায়ের দুই হাত তুলে বিচারকের উদ্দেশে বলেন, ‘গরমিল করা ভুল হয়েছে স্যার, এ জন্য নিঃশর্ত ক্ষমা চাই।’
শিপ্রা দেবনাথের মামলার তদন্ত কর্মকর্তা ও র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার সাংবাদিকদের বলেন, হাত তুলে ওসির নিঃশর্ত ক্ষমা চাওয়ার বিষয়টি আমলে নেন আদালত। তবে ভুলের জন্য ওসিকে ক্ষমা করা হবে, নাকি অন্য কিছু; তা আদেশের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
শিপ্রার আইনজীবী বলেন, শিপ্রাকে আটক করার পর নীলিমা রিসোর্ট থেকে তাঁর কম্পিউটার, ল্যাপটপ, ডিভাইস (মুঠোফোন) ও পেনড্রাইভ নিয়ে গেছে পুলিশ। এগুলো থেকে তাঁর ব্যক্তিগত ছবি, ‘জাস্ট গো’ তথ্যচিত্রের জন্য ধারণ করা ছবি আপত্তিকরভাবে এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইউটিউবে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে শিপ্রার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়।