শ্রীপুরে নৌকাডুবিতে নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীতে জাল ফেলে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার দুপুরে শ্রীপুরের ধামলই এলাকায় খীরু নদে
ছবি: সাদিক মৃধা

ময়মনসিংহের ভালুকা সীমান্তবর্তী গাজীপুরের শ্রীপুরের ধামলই এলাকায় খীরু নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার ১৮ ঘণ্টা পর আজ বুধবার বেলা দেড়টার দিকে লাশটি উদ্ধার করে ডুবুরি দল।

অমিত কুমার রায়
সংগৃহীত

মৃত চিকিৎসকের নাম অমিত কুমার রায় (৩১)। তিনি ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ওই নৌকাডুবির ঘটনায় গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মো. তানভীর (৩২) নামের আরেকজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।

এ সম্পর্কে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশের সহায়তায় জাল ফেলে উদ্ধারকাজ চালানো হয়েছে। বুধবার দুপুরে দুর্ঘটনাস্থলের পাশে চিকিৎসকের লাশটি পাওয়া যায়।

স্থানীয় রাহাত আকন্দ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, খীরু নদে ভ্রমণে এসেছিলেন ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ও চিকিৎসকেরা। মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের বহনকারী ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে ভালুকাগামী বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়। এতে নৌকাটি ডুবে যায়। নৌকায় ১০-১২ জন ছিলেন। তাঁদের মধ্যে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও অমিত কুমার রায় ও ডেকোরেটর ব্যবসায়ী তানভীর নিখোঁজ হন। অন্যরা সাঁতরে তীরে উঠে পড়েন।

ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম মুঠোফোনে বলেন, নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া দুটি মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন