শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপনির্বাচনে আ.লীগ প্রার্থী বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায়
ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ভানু লাল রায়। তিনি ৫৮ হাজার ৩০৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রেমসাগর হাজরা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ২৮৩ ভোট।

নির্বাচনে মিজানুর রব লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯৪ ভোট এবং আফজল হক ঘোড়া প্রতীক নিয়ে ১২ হাজার ৪৪৬ ভোট পেয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি এই ফলাফল ঘোষণা করা হয়।

ভানু লাল রায় শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। গত ২১ মে এই উপজেলার চেয়ারম্যান রণধীর কুমার দেব মারা যান। পরে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে ৭ অক্টোবর এই পদে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন। এই নির্বাচনে ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে মোট ২ লাখ ৩৩ হাজার ৯১৬ জন ভোটার রয়েছেন।

এর আগে ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন দুই স্বতন্ত্র প্রার্থী আফজল হক ও প্রেমসাগর হাজরা। আজ বিকেলে উপজেলার ভাড়াউড়া চা-বাগান কালীমন্দির পয়েন্টে আলাদা সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তাঁরা।

প্রেমসাগর হাজরা অভিযোগ করেন, সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে নৌকার প্রার্থীর সমর্থকেরা প্রভাব বিস্তার করে রাখেন। দুপুরের পর থেকে নৌকার প্রার্থীর এজেন্ট ও সমর্থকেরা কেন্দ্র দখল করে জাল ভোট দেন। বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়া হয়। বেলা তিনটার দিকে দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রের সামনে তাঁর এক কর্মী মোহন রবি দাশকে নৌকা প্রতীকের সমর্থকেরা মারধর করেন।

মোহনের মাথা ফেটে রক্ত বের হয়। তিনি আক্ষেপ করে বলেন, ‘চা-শ্রমিকেরা বারবার জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে আসছেন। আমি চা-শ্রমিকের সন্তান হয়ে এই নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু আমরা যাঁদের বারবার ভোট দিয়ে বিজয়ী করি, তাঁরাই আমাদের এই নির্বাচনে কারচুপি করে পরাজিত করতে নীলনকশা করেছেন।’

স্বতন্ত্র প্রার্থী আফজল হক অভিযোগ করেন, ‘আমরাও আওয়ামী লীগ করি। কিন্তু আওয়ামী লীগ কর্মীরা যেভাবে একটি সুন্দর ভোটকে কারচুপির মাধ্যমে নষ্ট করেছেন, সেটা নিয়ে আমরা আইনি ব্যবস্থা নেব। আমার এই নির্বাচনে জয়ী হওয়ার কথা ছিল। কিন্তু যেভাবে সব ভোটকেন্দ্র দখল করে নৌকায় সিল মেরে বাক্স ভর্তি করা হলো...। এই নির্বাচন আমরা বর্জন করেছি।’

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘দুই প্রার্থীর ভোট বর্জনের কথা লোকমুখে শুনেছি। তাঁরা আমাদের জানাননি। ভোট বর্জনের বিষয়টি আইনসিদ্ধ নয়। এখানে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কিছু ভোটকেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা সামাল দিয়েছে। কোথাও কোনো কারচুপি হয়নি। ভোট শতভাগ সুষ্ঠু হয়েছে।’

অনেক কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল বেশ কম। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
ছবি: প্রথম আলো

এদিকে বেলা দুইটার দিকে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে র‍্যাবের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। সেখানে গ্রামবাসীর হামলায় দুই র‍্যাব সদস্য আহত হন। পরে র‍্যাব, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক বসু চাকমা বলেন, এখানে ভোটকেন্দ্রের সামনে ভ্রাম্যমাণ দোকান বসিয়েছিলেন গ্রামবাসী। তাঁদের সেখান থেকে সরাতে গেলে তাঁরা উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় দুই সদস্য আহত হন।

আরও পড়ুন