সন্দ্বীপে জেলের জালে আবার ধরা পড়ল হাঙর
চট্টগ্রামের সন্দ্বীপে জেলেদের জালে আবার একটি হাঙর ধরা পড়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সন্তোষপুর ইউনিয়নে হাঙরটি ধরা পড়ে। হাঙরটির ওজন প্রায় তিন মণ বলে জানা গেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
হাঙরটি ধরা পড়ার পর হাতবদল হয়ে গতকাল বিকেলে বিক্রির জন্য চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে হাঙরটি বর্তমানে কোথায় আছে সেটি উপজেলা মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ—কেউই জানাতে পারেনি।
এ নিয়ে গত এক মাসে তিনটি হাঙর ও দুটি শাপলাপাতা মাছ ধরা পড়েছে সন্দ্বীপের জেলেদের জালে। এর আগে ২৬ জানুয়ারি উপজেলার স্বর্ণদ্বীপে তিন মণ ওজনের একটি হাঙর, ৭ জানুয়ারি উপজেলার হরিশপুর ২ নম্বর ঘাটের জেলেদের জালে ১৫০ কেজি ওজনের একটি হাঙর ধরা পড়ে। এ ছাড়া গত এক মাসে আরও দুটি বিশাল আকৃতির শাপলাপাতা মাছ ধরা পড়ে।
জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে হাঙর মাছ ধরা পড়ার পর তিনি বিষয়টি জেনেছেন। তবে তিনি খবর পাওয়ার আগেই মাছটি স্থানীয় এক ব্যবসায়ী ৩২ হাজার টাকায় কিনে নেন। পরে সেটি চট্টগ্রাম নগরের ফিশারি ঘাট এলাকায় বিক্রির জন্য ব্যবসায়ীরা পাঠিয়ে দেন। হাঙরটি বর্তমানে কোথায় আছে বা বিক্রি হয়ে গেছে কি না, সেটা তিনি জানেন না।
এ বিষয়ে চট্টগ্রামের বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেনও কোনো তথ্য দিতে পারেননি। তিনি বলেন, জেলেদের জালে হাঙর ধরা পড়ার ব্যাপারে তিনি কিছু জানেন না। এ বিষয়ে সন্দ্বীপ মৎস্য বিভাগ অথবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের কোনো তথ্য দেওয়া হয়নি।
তবে হাঙর ও শাপলাপাতা মাছ শিকার ও বিক্রি বন্ধ করতে ইতিমধ্যে বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের পক্ষ থেকে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই এই কমিটির মাধ্যমে সাগর স্থানীয় বাজারে অভিযান পরিচালনা করা হবে বলে জানান ইসমাইল হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা প্রথম আলোকে বলেন, শাপলাপাতা মাছ ও হাঙর শিকার এবং বেচাকেনা বন্ধে ইতিমধ্যে মেঘনা নদী ও সন্দ্বীপ চ্যানেলে একাধিকবার অভিযান চালানো হয়েছে। জীবিত অবস্থায় কোনো হাঙর বা শাপলাপাতা মাছ জালে ধরা পড়লে সেটা সাগরে ছেড়ে দেওয়ার জন্য স্থানীয় জেলেদের নির্দেশ দেওয়া হয়েছে। কারও কাছে হাঙর পাওয়া গেলে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।
বন্য প্রাণী সংরক্ষণ বিভাগ সূত্র জানায়, বন্য প্রাণী সংরক্ষণ আইন (২০১২) অনুযায়ী, শাপলাপাতা মাছ ও হাঙর ধরা সম্পূর্ণ বেআইনি। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে ৫০ হাজার টাকা জরিমানা অথবা ছয় মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।