বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। পাশাপাশি আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন তাঁরা।
আজ বুধবার বেলা পৌনে একটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এর আগে বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা এবং ক্যাম্পাসের ভেতরে ও বাইরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের মুখপাত্র আবদুল্লাহ রাজু। এ সময় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনন্যা রহমান, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা আশরাফি প্রমুখ উপস্থিত ছিলেন।
আবদুল্লাহ রাজু বলেন, ‘আমাদের তিন দফা দাবির প্রথম দাবি ছিল ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচার, সেটি পূরণের পথে। দ্বিতীয় দাবি ছিল আন্দোলন কর্মসূচিতে হামলাকারীদের চিহ্নিত করা ও শাস্তির আওতায় নিয়ে আসা, তৃতীয় দাবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। শেষের দাবি দুটি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
রাজু আরও বলেন, ‘গতকাল বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুস্মিতা কুণ্ডু ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বৃষ্টি ঘোষ বিশ্ববিদ্যালয় থেকে খুলনা যাচ্ছিল। গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে গাড়িতে ওঠার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ভাড়া কম দিতে চাইলে তা নেওয়া হয়নি।’
গত বুধবার রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও এক ছাত্রী গোপালগঞ্জ শহরের হেলিপ্যাড থেকে নবীনবাগের দিকে ফিরছিলেন। এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তাঁদের গতি রোধ করে। দুর্বৃত্তরা ছাত্রকে মারধর করে ওই ছাত্রীকে পাশের নির্মাণাধীন জেলা প্রশাসন স্কুল ও কলেজ ভবনে নিয়ে ধর্ষণ করে। রাতে ধর্ষণের খবর ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা গোপালগঞ্জ থানা ঘেরাও করেন।
এরপর গত বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শিক্ষার্থীরা ঘোনাপাড়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাঁরা দিনভর ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন। সেদিন বিকেলে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় বাসিন্দা ও ছাত্রলীগ মিলে তাঁদের ওপর হামলা করেছে। এর পর থেকে ধর্ষণের বিচার দাবির পাশাপাশি হামলাকারীদেরও বিচারের আওতায় আনার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। দলবদ্ধ ধর্ষণের ঘটনায় র্যাব ছয়জনকে ও পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।