সাংসদ একরামুলকে দল থেকে আজীবন বহিষ্কারের দাবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নোয়াখালী জেলা আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে দল থেকে আজীবন বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ের সামনে এবং টাউন হল মোড় ও জামে মসজিদ মোড় এলাকায় বিক্ষিপ্তভাবে জেলা আওয়ামী লীগের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। তবে ওই মানববন্ধনে জেলা আওয়ামী লীগের পদধারী কোনো নেতাকে দেখা যায়নি। যদিও তাঁরা ওই সময় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা করছিলেন।
একরামুল নোয়াখালী-৪ আসনের টানা তিন মেয়াদের সাংসদ এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। দীর্ঘ ১৭ বছর দলের জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার পর গত ৩০ সেপ্টেম্বর পদ হারান তিনি। ওই দিন কেন্দ্র থেকে জেলা আওয়ামী লীগের ৮৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। যেখানে একরামুলকে সদস্য হিসেবে রাখা হয়। এর মধ্যে গত বৃহস্পতিবার ফেসবুক লাইভে একরামুল মন্তব্য করেন, ‘ওবায়দুল কাদের নোয়াখালীর সবচেয়ে ঘৃণিত লোক এবং তিনি আওয়ামী লীগের অনেক ক্ষতি করে যাচ্ছেন।’
একরামুলের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজকের সভা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দলীয় সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয়। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই সভা চলছিল। সভায় জেলা আওয়ামী লীগের ৮৭ জন সদস্যের মধ্যে প্রায় সবাই উপস্থিত আছেন।
এর আগে বেলা সাড়ে তিনটার দিকে একরামুলের একদল অনুসারী মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসেন। এ সময় তাঁরা একরামুলের পক্ষে স্লোগান দেন। পরে পুলিশ তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। এরপর বিকেল চারটার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়, টাউন হল মোড় ও জামে মসজিদ মোড় এলাকায় জড়ো হতে থাকেন।
পরে তাঁরা একরামুলকে আজীবন বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা একরামুলকে বহিষ্কারের দাবিতে এবং ওবায়দুল কাদেরের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ ও মানববন্ধন চলাকালে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের সতর্ক পাহারা দেখা গেছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, জেলা আওয়ামী লীগের কার্যালয় ও আশপাশের এলাকায় দলীয় লোকজন মানববন্ধন করেছেন। এ ছাড়া সাংসদের পক্ষের লোকজনও শহরে বিক্ষোভ মিছিল করেছেন। তবে এ নিয়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন আছে।