সাধনার পাশে অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধনা রানী মাহাতো
ছবি: প্রথম আলো

মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাওয়া সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ছাত্রী সাধনা রানী মাহাতোর দিকে সহযোগিতার হাত বাড়িয়েছেন অনেকে।

৯ এপ্রিল শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পক্ষ থেকে সাধনার মেডিকেল কলেজে ভর্তির জন্য ২৫ হাজার টাকা দেওয়া হয়। ওই দিন দুপুর ১২টার দিকে সাধনাদের বাড়িতে আসেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মণ্ডল। তিনি সাধনার হাতে ১৫ হাজার টাকা তুলে দেন।

বেসরকারি এক্সিম ব্যাংকের পক্ষ থেকে সাধনাকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন সাধনাকে সহায়তার কথা জানিয়েছেন।

সাধনা রানী মাহাতো উপজেলার সোনাখাড়া ইউনিয়নের ধলজান গ্রামের সুধীর চন্দ্র মাহাতো ও ভারতী রানী মাহাতোর মেয়ে। তিনি চার সন্তানের মধ্যে সবার ছোট। তিনি এবার ভর্তি পরীক্ষা দিয়ে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। ইটভাটায় শ্রমিকের কাজ করা বাবার উপার্জনে সাধনাদের পরিবার চলে।

এ নিয়ে ৮ এপ্রিল প্রথম আলো অনলাইনে ‘মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় সাধনা’ ও ৯ এপ্রিল প্রথম আলোর ছাপা পত্রিকাতেও তাঁকে নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। এরপর অনেকে সাধনার পাশে এসে দাঁড়িয়ে আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন।

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাধনা বলেন, ‘আমার বিশ্বাস ছিল আমার পাশে মানুষ দাঁড়াবে। তবে এত তাড়াতাড়ি মাননীয় মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা ও দানশীল মানুষ আমার পাশে দাঁড়াবেন, আশা করিনি। এই সবকিছু সম্ভব হয়েছে প্রথম আলোতে আমাকে নিয়ে নিউজ করার ফলে।’

সাধনার বড় ভাই সুশান্ত কুমার মাহাতো বলেন, প্রথম আলোতে তাঁর বোনকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর দেশ ও বিদেশের অনেক হৃদয়বান মানুষ পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা। সবার সহযোগিতায় তাঁদের স্বপ্ন পূরণের পথে। বোনের মেডিকেলে পড়া নিয়ে আর দুশ্চিন্তা নেই।

আরও পড়ুন