সিলেটে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক সপ্তাহের মধ্যে সড়ক সংস্কারের কাজ শুরু না হলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা
ছবি: প্রথম আলো

সিলেট নগরীর ব্যস্ততম আম্বরখানা-টিলাগড় সড়ক এক সপ্তাহের মধ্যে সংস্কারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার বেলা দুইটার দিকে নগরের ইলেকট্রিক সাপ্লাই এলাকায় সামাজিক সংগঠন সুরমা বয়েজ ক্লাব ও ক্লিন সিটি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আম্বরখানা থেকে শাহি ঈদগাহ হয়ে টিলাগড় সড়কটি ভেঙে পড়ে আছে। বিভিন্ন জায়গায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়ে সড়ক দিয়ে যানবাহন তো দূরের কথা, হেঁটেও চলাচল করা যাচ্ছে না। এতে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।

দীর্ঘদিন ধরে ব্যস্ততম সড়কটি বেহাল হয়ে পড়ে থাকলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন বক্তারা। এক সপ্তাহের মধ্যে সড়ক সংস্কারের কাজ শুরু না হলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।

সুরমা বয়েজ ক্লাবের সাবেক সহসভাপতি গোপাল বাহাদুরের সভাপতিত্বে সমাবেশে সুরমা বয়েজ ক্লাবের উপদেষ্টা মনসুর চৌধুরী, আম্বরখানা বাজার কমিটির সাধারণ সম্পাদক গোলজার আহমদ, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় মহাসচিব আমিরুল ইসলাম চৌধুরী, সাবেক ফুটবলার বাবুল মিয়া প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

এর আগে এই সড়কের দুর্দশা নিয়ে গত ২৬ জুন প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘বৃষ্টিতে কাদাপানি, রোদে ধুলা, ভোগান্তি বারো মাস’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সে সময় সড়ক ও জনপথ বিভাগ এবং সিটি করপোরেশন কর্তৃপক্ষ সড়কটি দ্রুত সংস্কার করার কথা জানিয়েছিল।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, ওই সড়ক সংস্কারের দরপত্র হয়ে গেছে। বর্তমানে বৃষ্টির মৌসুম থাকায় কাজ করা যাচ্ছে না। শুষ্ক মৌসুম শুরু হলে সংস্কারকাজ শুরু করা হবে।