সুগন্ধায় লঞ্চে অগ্নিকাণ্ডে স্ত্রী মারা যাওয়ার ২৩ দিন পর মারা গেলেন স্বামীও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা ৪৯ হলো
ফাইল ছবি

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ বঙ্কিমচন্দ্র মজুমদার (৬০) নামের এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মারা গেছেন। তাঁর শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই অগ্নিকাণ্ডে দগ্ধ বঙ্কিমচন্দ্রের স্ত্রী স্কুলশিক্ষক মনিকা রানী এর আগে ১৮ জানুয়ারি মারা যান। স্ত্রীর মৃত্যুর ২৩ দিন পর স্বামীও চলে গেলেন।

আরও পড়ুন

গত বছরের ২৩ ডিসেম্বর দিবাগত রাতে ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ সময় লঞ্চটিতে প্রায় ৮০০ যাত্রী ছিলেন। ওই যাত্রীদের মধ্যে ছিলেন বরগুনার ফুলঝুরি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বঙ্কিমচন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী বরগুনা গগন মেমোরিয়াল স্কুলের শিক্ষিক মনিকা রানী। অগ্নিকাণ্ডে দগ্ধ হন তাঁরা। উদ্ধারের পর তাঁদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

গত বছরের ২৩ ডিসেম্বর দিবাগত রাতে ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ সময় ওই শিক্ষক দম্পতি দগ্ধ হন।

২৬ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বঙ্কিমচন্দ্র মজুমদারের স্ত্রী মনিকা রানী ১৮ জানুয়ারি রাত সাড়ে ৯টায় মারা যান। স্ত্রী মারা যাওয়ার ২৩ দিন পর বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বঙ্কিমচন্দ্র মজুমদার মারা যান। বিষয়টি নিশ্চিত করে ফুলঝুরি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল সালেক বলেন, এমন মর্মান্তিক মৃত্যু আল্লাহ যেন আর কাউকে না দেয়। তাঁর মৃত্যুতে শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শিক্ষক বঙ্কিমচন্দ্র মজুমদারের মরদেহ শুক্রবার সকালে বরগুনায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর ফুলঝুরি মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর মরদেহ রাখা হবে। এখানেই শেষশ্রদ্ধা জানাবেন শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

আরও পড়ুন

শামীম আহসান নামে বঙ্কিমচন্দ্র মজুমদারের এক প্রাক্তন ছাত্র প্রথম আলোকে বলেন, ‘স্যার অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তিনি সব সময় আমাদের শাসন করতেন, আমাদের লেখাপড়ায় উৎসাহ জোগাতেন। তাঁর এমন মৃত্যু আমাদের ব্যথিত করেছে।’

আরও পড়ুন

বরগুনা জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, সর্বশেষ এ দুজনসহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ ৩০ জন। মারা যাওয়া ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়। আর চিকিৎসাধীন ব্যক্তিদের ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার কথা জানানো হয়। এখন পর্যন্ত ২১ জন নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন