অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনা: ৭ আসামির জামিন নামঞ্জুর
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নৌ আদালতের মামলায় কারাগারে থাকা সাত আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন বিচারক।
আজ বুধবার শুনানি নিয়ে নৌ আদালতের বিচারক স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম এ আদেশ দেন।
ধার্য তারিখ অনুযায়ী, লঞ্চের অন্যতম মালিক মো. হামজালাল শেখসহ কারাগারে থাকা সাত আসামিকে আজ নৌ আদালতে হাজির করে পুলিশ। সাত আসামির মধ্যে তিনজন লঞ্চের মালিক। চারজন মাস্টার-চালক।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী জাহাঙ্গীর হোসেন। তিনি আসামিদের জামিন প্রার্থনার পাশাপাশি একই ঘটনায় একাধিক মামলা দায়েরের কারণে ন্যায়বিচার বিঘ্নিত হওয়ার বিষয়ে আদালতে যুক্তি দেন।
জামিন প্রার্থনায় আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসেন লঞ্চমালিকদের নির্দোষ দাবি করেন। তিনি বলেন, দুর্ঘটনার সময় তাঁরা নৌযানে ছিলেন না। তাঁরা এই দুর্ঘটনার জন্য দায়ী নন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বেল্লাল হোসাইন জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘যে সম্পদ থেকে আমরা অধিকার, সুযোগ-সুবিধা ভোগ করি, তার দায়দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। লঞ্চটি যথাযথ ব্যবস্থাপনায় পরিচালনা না করার দায় মালিকেরা এড়াতে পারেন না।’
উভয় পক্ষের বক্তব্য শুনে নৌ আদালতের বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে আদেশ দেন।
গত ২৩ ডিসেম্বর মধ্যরাতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪৭ জনের মৃত্যু হয়। দগ্ধ অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজ অনেকে।
অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় গত ২৬ ডিসেম্বর নৌ আদালতে মামলা করে নৌপরিবহন অধিদপ্তরের প্রধান পরিদর্শক মো. শফিকুর রহমান।
মামলার আসামিরা হচ্ছেন লঞ্চটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেসার্স আল আরাফ অ্যান্ড কোম্পানির চার মালিক মো. হামজালাল শেখ, মো. শামিম আহম্মেদ, মো. রাসেল আাহাম্মেদ ও ফেরদৌস হাসান, লঞ্চের ইনচার্জ মাস্টার মো. রিয়াজ সিকদার, ইনচার্জ চালক মো. মাসুম বিল্লাহ, দ্বিতীয় মাস্টার মো. খলিলুর রহমান ও দ্বিতীয় চালক আবুল কালাম।
আট আসামির মধ্যে লঞ্চটির একজন মালিক প্রাপ্তবয়স্ক নয় বলে আদালত সূত্র জানিয়েছে।
মামলায় আসামিদের নামে অভ্যন্তরীণ নৌচলাচল অধ্যাদেশ ১৯৭৬ (সংশোধনী ২০০৫)-এর ৫৬, ৬৬, ৬৯ ও ৭০ ধারায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণযন্ত্র না থাকা, জীবন রক্ষাকারী পর্যাপ্ত বয়া ও বালুর বাক্স না থাকা, ইঞ্জিনকক্ষের বাইরে অননুমোদিতভাবে ডিজেলবোঝাই অনেক ড্রাম রাখা এবং রান্নার জন্য গ্যাসের চুলা ও সিলিন্ডার রাখার অপরাধের অভিযোগ আনা হয়েছে।