সেই আঁখি মনির স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনার চিন্তা দূর হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁখি মনির হাতে শিক্ষাবৃত্তির ঘোষণাপত্র তুলে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে রংপুরের বদরগঞ্জে
প্রথম আলো

রংপুরের বদরগঞ্জের অদম্য মেধাবী আঁখি মনির স্নাতকোত্তর পর্যন্ত পড়ার খরচ নিয়ে দুশ্চিন্তা দূর হলো। মাসিক শিক্ষাবৃত্তি দিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছে বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন। এখন থেকে আঁখি মনিকে ওই ফাউন্ডেশনের অধ্যাপক শরীফ উদ্দিন শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় প্রতি মাসে তিন হাজার টাকা দেওয়া হবে।

আরও পড়ুন

আজ বৃহস্পতিবার দুপুরে বদরগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড চত্বরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে আঁখি মনির হাতে শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণাপত্র তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের রংপুরের জোনাল ম্যানেজার এম এম মিজানুর রহমান, এরিয়া ম্যানেজার এস এম এ কে নেওয়াজ, বদরগঞ্জ শাখার ব্যবস্থাপক আলী হোসেন ও প্রথম আলোর প্রতিনিধি আলতাফ হোসেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন স্নাতকোত্তর পর্যন্ত আঁখি মনিকে এই শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় প্রতি মাসে তিন হাজার টাকা দেওয়া হবে।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, অধ্যাপক শরীফ উদ্দিন শিক্ষাবৃত্তি কর্মসূচি ২০০৮ সালে চালু হয়েছে। চলতি বছর পর্যন্ত ১১৪ জনকে ওই শিক্ষাবৃত্তির আওতায় নেওয়া হয়েছে। জাগরণী চক্র ফাউন্ডেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা বেতনের ১ শতাংশ টাকা ওই শিক্ষাবৃত্তি কর্মসূচিতে প্রদান করেন।

আঁখি মনি চলতি বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিষয়ে এবং তাঁর বড় বোন আমিনা খাতুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিষয়ে স্নাতকে ভর্তি হয়েছেন। পরিবারে খাওয়া-পরার সমস্যা প্রকট। টাকার অভাবে উচ্চমাধ্যমিকে দুই বোন এক সেট বই পালা করে পড়তেন। তবে সমস্যা হতো পরীক্ষার আগের রাতে। একজন বই পড়লে অন্যজন তাঁর পড়া শেষ হওয়ার অপেক্ষায় থাকতেন। তবু তাঁরা দমে যাননি। তাঁদের বাড়ি রংপুরের বদরগঞ্জ পৌরসভার পকিহানা গ্রামে। বাবা আলমগীর হোসেন রিকশাভ্যান চালান। তাঁর কোনো আবাদি জমি নেই।

অদম্য মেধাবী ওই দুই বোন এবার একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও টাকা অভাবে ভর্তি হওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েন। এ নিয়ে গত ২০ ডিসেম্বর ‘টাকার অভাবোত বেটি দুইটার আর বুজি পড়া হবার নেয়’ শিরোনামে প্রথম আলোর অনলাইনে প্রতিবেদন প্রকাশিত হলে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। তখন তাঁদের অ্যাকাউন্টে ৯১ হাজার টাকা জমা পড়েছিল। এ টাকায় দুই বোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।

আঁখি মনির মাসিক বৃত্তির ব্যবস্থা হলেও তাঁর বোন আমিনার স্নাতকোত্তর পর্যন্ত পড়ার খরচের এখনো ব্যবস্থা হয়নি।