সেই আ.লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহেদুল আলম
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি জেলা পরিষদের মালিকানাধীন আবাসিক হোটেল পাঁচ বছর দখলে রাখার মামলায় আওয়ামী লীগ নেতা জাহেদুল আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া অভিযোগপত্রটি গ্রহণ করে শুনানি শেষে এই আদেশ দেন।

খাগড়াছড়ি দুদকের আইনজীবী সুপাল চাকমা আজ দুপুরে প্রথম আলোকে বলেন, দুদকের দেওয়া  অভিযোগপত্রটি গ্রহণ করে আদালত এই মামলার পলাতক আসামি জাহেদুল আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তিনি জানান, শুনানিতে দুদকের পক্ষ থেকে বলা হয়, দখলে রাখার কথা স্বীকার করে আসামি ভাড়া বাবদ টাকাও জেলা পরিষদকে পরিশোধ করেছেন। দুদকের তদন্তে দুর্নীতির বিষয়টি উঠে এসেছে। অভিযোগপত্রটি গ্রহণ করা হোক।

আসামি জাহেদুল আলম পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য। দলের বিরুদ্ধে গিয়ে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ২০০৯ সালে দল থেকে সাময়িক বহিষ্কৃত হয়েছিলেন তিনি। পরে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেও ২০১৫ সালের পৌর নির্বাচনে আবারও দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে সাময়িক বহিষ্কৃত হন। এরপর তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে জেলার উপদেষ্টা কমিটির সদস্য করা হয় তাঁকে।

গত বছরের ১৫ ডিসেম্বর দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক রিয়াজ উদ্দিন খাগড়াছড়ি আদালতে অভিযোগপত্র জমা দেন।

দুদক সূত্র জানায়, খাগড়াছড়ি জেলা পরিষদের মালিকানাধীন মিমি সুপার মার্কেটের তৃতীয় তলায় আবাসিক হোটেল ইজারা দেওয়ার জন্য ২০১৩ সালের ৩০ ডিসেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তিন দরদাতার মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে মেসার্স কংলী অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী অমিত চাকমাকে ইজারা দেওয়া হয় পরের বছরের ১৬ ফেব্রুয়ারি। অমিত চাকমা ভাড়া জামানত বাবদ জেলা পরিষদে ১১ লাখ ১৯ হাজার ৭২০ টাকা পরিশোধ করেন। ২০১৫ সালে জাহেদুল আলম পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। ওই বছরই ২৯ মার্চ থেকে অমিত চাকমাকে ইজারা দেওয়া হোটেলটি দখলে নিয়ে হোটেল আল আমিন অ্যান্ড কফি হাউস নামে ব্যবসা শুরু করেন জাহেদুল।

এ বিষয়ে অমিত চাকমা জেলা পরিষদ বরাবর লিখিত অভিযোগ দেন। পরিষদের পক্ষ থেকে জাহেদুলের কাছে কারণ ব্যাখ্যা চাওয়া হলে তিনি কোনো উত্তর দেননি। পরে দুদক বিষয়টি তদন্ত শুরু করে।

এ ঘটনায় দুদক কর্মকর্তা রিয়াজ উদ্দিন বাদী হয়ে ২০১৯ সালের ২ এপ্রিল খাগড়াছড়ি থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয় জাহেদুল আলমকে। এজাহারে বলা হয়, জেলা পরিষদের ইজারা দেওয়া হোটেল দখলে রেখে পরিষদকে ভাড়া না দেওয়ায় ১৯ লাখ ৮২ হাজার টাকার ক্ষতি হয়। ক্ষমতার অপব্যবহার করে ইজারাপ্রাপ্ত ঠিকাদারকে দখলে যেতে না দিয়ে জোরপূর্বক দখলে রাখেন জাহেদুল।

খাগড়াছড়ি বাজারের শাপলা চত্বর থেকে ১০০ গজ দূরে জেলা পরিষদের আওতাধীন মিমি সুপার মার্কেট। এটির তৃতীয় তলায় হোটেল এবং চতুর্থ তলায় রান্নাঘর।
‘পাঁচ বছর ধরে জেলা পরিষদের হোটেল দখলে রেখে ব্যবসা’ শিরোনামে গত ২৪ নভেম্বর প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়।

আরও পড়ুন

এদিকে দুদক মামলা করার পরের মাসেই হোটেল ছেড়ে দিয়ে ভাড়া বাবদ টাকা জেলা পরিষদকে পরিশোধ করেছেন বলে প্রথম আলোকে জানান জাহেদুল আলম। মামলার বিষয়টি তিনি আইনগতভাবে মোকাবিলা করবেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন