সোনাইমুড়ীতে ভোটকেন্দ্রের পাশ থেকে অস্ত্রসহ যুবক আটক
নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্রের পাশ থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রথী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে তাঁকে আটক করা হয়।
ওই যুবকের নাম মো. রবিন (২৮)। তিনি সোনাইমুড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাণীগ্রামের মোহাম্মদ হানিফের ছেলে।
পুলিশ জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে ওই কেন্দ্রের দক্ষিণ দিকে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী রবিনকে তল্লাশি করছিল পুলিশ। এ সময় রবিন মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করে। এ সময় রবিনের দেহ তল্লাশি করে একটি শপিং ব্যাগের ভেতর থেকে দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।
জানতে চাইলে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই যুবক একটি মোটরসাইকেল নিয়ে কেন্দ্র এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পরে তাঁকে তল্লাশি করে তাঁর সঙ্গে থাকা বন্দুক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।