সাবেক সাংসদ মো. সোহরাব উদ্দিনকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে কোনোভাবেই মেনে নেবে না বলে আবারও নিজেদের সিদ্ধান্ত স্পষ্ট করেছে সাংসদ নূর মোহাম্মদ পক্ষ। দ্রুত সময়ের মধ্যে সোহরাবকে সরিয়ে এই পদে নতুন কাউকে দেখতে চায় পক্ষটি। দাবির পক্ষে মাঠ গরম রাখার ঘোষণাও এসেছে।
শনিবার সোহরাবকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিতে পাকুন্দিয়ায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে সাংসদের পক্ষ। বেলা ১১টায় মানববন্ধন হয় সদর ঈদগাহ সড়কে। পরবর্তী সময়ে ডাকবাংলোর একটি কক্ষে হয় সংবাদ সম্মেলন। উভয় কর্মসূচি থেকে আহ্বায়ক হিসেবে সোহরাবকে দেখতে না চাওয়ার দাবি ওঠে।
এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক, সুখিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হামিদ, বুরুদিয়া ইউপির চেয়ারম্যান নাজমুল হুদা, জাঙ্গালিয়া ইউপির চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, নারান্দী ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ান প্রমুখ।
এর আগে করোনা প্রতিরোধে সরকারের চলমান কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। যানবাহন চলাচলসহ অন্যান্য বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর থাকলেও আওয়ামী লীগের একাংশের এই কর্মসূচিতে ছিল নমনীয়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম লুৎফর রহমান বলেন, ‘প্রথমত, মানববন্ধন কর্মসূচির তথ্যটি জানা ছিল না। আর রাজনৈতিক নেতারা আমাদের বলে–কয়ে কর্মসূচি হাতে নেন না। পরে যখন জানতে পারলাম, তখন ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান এবং লোকজনকে সরিয়ে দেন।’
লোকটা এখন আর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। থাকেন ঢাকায়। এমন ব্যক্তিকে পাকুন্দিয়ার নেতা-কর্মীরা মেনে নেওয়ার কথা নয়।
জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক বলেন, জেলার নেতারা এক সোহরাবকে দিয়ে কমিটি করে তাঁদের ডাউন করে দিয়েছে। সুতরাং রাজনৈতিক অস্তিত্বের প্রশ্নে বিধিনিষেধের কথা মাথায় রাখা যায়নি। দ্রুত সময়ের মধ্যে সোহরাবকে আহ্বায়ক পদ থেকে না সরানো হলে ‘লকডাউন’ তাঁদের আর ঘরে ‘লক’ করে রাখতে পারবে না।
অন্যদিকে সোহরাবকে পদে বসিয়ে এক ব্যক্তির কমিটি ঘোষণা করাকে জেলার নেতাদের আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে দেখছেন সাংসদ নূর মোহাম্মদ। প্রথম আলোকে তিনি বলেন, ‘লোকটা (সোহরাব) এখন আর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। থাকেন ঢাকায়। এমন ব্যক্তিকে পাকুন্দিয়ার নেতা-কর্মীরা মেনে নেওয়ার কথা নয়।’
তবে সাংসদের এমন দাবি উড়িয়ে দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল। তিনি বলেন, সিদ্ধান্ত এসেছে কার্যকরী পর্ষদের সভা থেকে। সুতরাং সবার মতামত কখনোই আত্মঘাতী হতে পারে না।
সোহরাব উদ্দিনও মনে করেন, দল পুনর্গঠনে জেলার নেতারা তাঁর ওপর আস্থা রেখে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আন্দোলনকারীদের বিষয়ে তাঁর মূল্যায়ন, ওই পক্ষ দল বিচ্ছিন্ন এবং স্বার্থপর।
পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-২ আসন। সোহরাব উদ্দিনের বাড়ি পাকুন্দিয়ায় আর নূর মোহাম্মদ কটিয়াদীর বাসিন্দা। সোহরাবকে হটিয়ে নূর মোহাম্মদ নৌকার টিকিটে সাংসদ হওয়ার পর দুজনের মধ্যে প্রথমে নীরব উত্তেজনা, পরে তা প্রকাশ্য রূপ পায়। দলীয় সূত্র জানায়, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি নেই প্রায় দুই যুগ। লম্বা সময় উপজেলাটিতে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে আহ্বায়ক কমিটি। শেষে গেল বছরের ২০ সেপ্টেম্বর কমিটি বিলুপ্ত করা হয়। বিলুপ্তির ১০ মাস পর বৃহস্পতিবার সোহরাব উদ্দিনকে আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা করে জেলা কমিটি। ওই দিন আহ্বায়ক ছাড়া কমিটির আর কোনো সদস্যের নাম ঘোষণা করা হয়নি।