সোহেল–রওশন দম্পতির ভালোবাসা প্রধানমন্ত্রীর কার্যালয়েরও নজর কেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ১৫ বছর ধরে স্বামী সোহেল মিয়ার পিঠে চড়েই বিভিন্ন জায়গায় যাতায়াত করেন রওশন আক্তার
ছবি: সংগৃহীত

শারীরিক প্রতিবন্ধী রওশন আক্তার প্রায় ১৫ বছর ধরে স্বামী সোহেল মিয়ার পিঠে চড়েই বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। বিয়ের আগে তাঁকে কেউ বাড়ির বাইরে নিয়ে যেতেন না। এই দম্পতিকে নিয়ে সম্প্রতি প্রথম আলোসহ বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেল সংবাদ প্রকাশ ও প্রচার করে। বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে এসেছে।

এরই ধারাবাহিকতায় বুধবার ময়মনসিংহের ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তারুজ্জামান সোহেল-রওশন দম্পতির বাড়ি ঘুরে এসেছেন। এই দম্পতির চাহিদা বা প্রয়োজনগুলো ইউএনও প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানাবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে আসার পর বিষয়টির খোঁজ নেওয়ার জন্য জেলা প্রশাসককে বলা হয়। এরপর সরেজমিনে তাঁদের বর্তমান অবস্থা জানতে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের নির্দেশে ওই বাড়িতে গিয়ে খোঁজখবর নেন ইউএনও।

ছয় বছর বয়সে টাইফয়েড জ্বরে ত্রিশালের রওশন আক্তারের দুই হাঁটুর নিচ থেকে অবশ হয়ে যায়। তখন থেকেই হাঁটাচলা প্রায় বন্ধ তাঁর। দুই হাতে স্যান্ডেল পরে হামাগুড়ি দিয়ে কিছুটা চলতে পারেন।

বৃহস্পতিবার মুঠোফোনে ইউএনও মো. আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই দম্পতির বিষয়ে খোঁজখবর নিতে বলায় তিনি এই দম্পতির বাড়িতে গিয়েছিলেন। তাঁদের সার্বিক অবস্থা জানানো হবে প্রধানমন্ত্রীর কার্যালয়কে।

মুঠোফোনে সোহেল মিয়া প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দুই স্যার ফোনে আমার সঙ্গে কথা বলেছেন। ডিসি স্যারও কথা বলেছেন। পরে ইউএনও স্যার বাড়িতে এসেছিলেন। মেয়ের জন্য দামি চকলেট, মিষ্টি, আমাদের জন্য ফুল নিয়ে এসেছিলেন। আমাদের প্রয়োজন জানতে চেয়েছেন। টয়লেটসহ ঘর করে দিলে রওশনের জন্য ভালো হবে। পুঁজিসহ স্থায়ী দোকানের ব্যবস্থা করে দিলে চলতে সুবিধা হবে। এ ছাড়া অন্যান্য বিষয় জানিয়েছি স্যারকে। এই সময় চেয়ারম্যানসহ অন্যরাও উপস্থিত ছিলেন।’

আরও পড়ুন

১৫ ফেব্রুয়ারি প্রথম আলো অনলাইনে ‘স্বামীরে শুধু বলি নিয়া যাবা, স্বামীও সঙ্গে সঙ্গে পিঠে নিয়ে রওনা দেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
রওশন পড়াশোনা করেছেন পঞ্চম শ্রেণি পর্যন্ত। সোহেল মিয়া রাজশাহীর ছেলে।

খোঁজখবর নিতে ইউএনও আক্তারুজ্জামান গিয়েছিলেন সোহেল-রওশন দম্পতির বাড়িতে
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। রওশনকে বিয়ে করে সোহেল মিয়া পরিবার থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছেন। রওশনকে সোহেলের পরিবারের কেউ মেনে নেননি। তাই সোহেল মিয়া বিয়ের পর থেকে রওশনের বাবার বাড়িতেই আছেন। ছোট্ট একটি মাটির ঘরেই সুখের সংসার পেতেছেন এ দম্পতি।

সোহেল মিয়া জানান, স্ত্রী ও সন্তানের বিভিন্ন কাজ করে দিতে হয় বলে তিনি চাকরি করতে পারেননি। একটি টংদোকান চালান। সরকারি সহায়তা থেকে প্রতি মাসে ৩০ কেজি চাল, রওশনের প্রতিবন্ধী ভাতা বাবদ মাসিক ৭৫০ টাকা—সব মিলিয়ে চলে সংসার। ২০২০ সালে স্ট্রোক করার পর থেকে অনেক কিছু মনে রাখতে পারেন না সোহেল মিয়া। ভারী কাজও করতে পারেন না। এই দম্পতির একমাত্র মেয়ের বয়স ১০।
এই দম্পতি প্রথম আলোকে বলেছেন, তাঁদের সংসারে অর্থবিত্তের কমতি থাকলেও ‘মায়া-মহব্বত’–এর কোনো কমতি নেই।