স্বাবলম্বী হয়ে উন্নত জীবন গড়ার স্বপ্ন দেখছেন রুবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রী ও শিশুসন্তানের সঙ্গে রুবেল সরদার। মঙ্গলবার শরীয়তপুরের জাজিরা উপজেলায় তাঁর বাড়িতে
ছবি: প্রথম আলো

শিশুবয়সেই সংসারের দায়িত্ব নেন রুবেল সরদার (৩০)। কোনো চাষাবাদের জমি নেই। নেই থাকার জায়গাও। দারিদ্র্যের কারণে পড়ালেখা বেশি দূর এগোয়নি। গ্রামে কৃষিশ্রমিকের কাজ করতেন। কিন্তু নদীভাঙন আর বন্যার কারণে সেই কাজও নিয়মিত পেতেন না। কাজের সন্ধানে ঢাকায় পাড়ি দেন। চাকরি নেন একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী ও লিফট অপারেটরের। কিন্তু ছুটিতে যাওয়ার পর নির্ধারিত সময়ে ঢাকায় ফিরতে না পারায় রুবেলের সেই চাকরি চলে যায়।

রুবেলের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধপুরিয়া সরকার কান্দি গ্রামে। স্ত্রী, বাবা-মা ও দুই শিশুসন্তান নিয়ে রুবেলের টানাপোড়েনের সংসার। কয়েক দিন আগে চালু হয়েছে শত আশার পদ্মা সেতু। সেতু চালু হওয়ায় রুবেল নতুন করে স্বপ্ন দেখছেন।

আরও পড়ুন
খাবারের জন্য যখন বাচ্চারা কান্না করে, তখন শুধু চোখের পানি ফেলি। গ্রামে কোনো কাজ পাই না। স্বামীর সীমিত আয়ে সংসার চালাতে কষ্ট হয়। পদ্মা সেতু চালু হওয়ায় আমাদের এলাকা উন্নত হবে। এখন স্বাবলম্বী হয়ে উন্নত জীবন গড়ার স্বপ্ন দেখছি।
রুবেলের স্ত্রী সীমা আক্তার

স্মৃতি রোমন্থন করে রুবেল বলেন, ‘পদ্মা নদী আমাদের জীবন-জীবিকা কীভাবে আটকে রেখেছিল, তা আমাদের মতো ভুক্তভোগীরাই জানেন। থাকার জায়গা পর্যন্ত নেই। দারিদ্র্যের কারণে পড়ালেখাও করা হয়নি। গ্রামে শ্রমিকের কাজ করতাম। বন্যা ও নদীভাঙনে সে কাজও নিয়মিত পেতাম না। কাজের সন্ধানে গ্রাম ছেড়ে ঢাকায় যাই। নানা জায়গায় ঘুরে ২০১১ সালে ঢাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিরাপত্তা প্রহরী ও লিফট অপারেটরের কাজ পাই। যা বেতন পেতাম, তা দিয়ে ভালোই চলছিল।’

রুবেল আরও বলেন, ২০১৪ সালের জুলাইয়ে ছুটিতে গ্রামে যান তিনি। পদ্মায় লঞ্চডুবির কারণে নির্ধারিত সময়ে কাজে ফিরতে পারেননি। নৌ চলাচল স্বাভাবিক হওয়ার পর ঢাকায় ফেরেন। ততক্ষণে তাঁর জায়গায় অন্য লোক নেওয়া হয়। এরপর ঢাকায় অনেক কষ্ট করেছেন। আত্মীয়স্বজনের সহায়তায় কামরাঙ্গীরচরে ফুটপাতে একটি চা-নাশতার টং দোকান ভাড়া নেন। কিন্তু সিটি করপোরেশন তা উচ্ছেদ করে দেয়। এরপর ফ্লাস্কে করে রাস্তায় রাস্তায় চা বিক্রি শুরু করেন। করোনায় তা–ও বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে ২০২১ সালের জানুয়ারিতে গ্রামে ফিরে যান। চাচাদের দেওয়া জমিতে আশ্রয় নিয়েছেন। এখন সাইকেল চালিয়ে গ্রামে ঘুরে ঘুরে নিজের তৈরি শিশুখাদ্য বিক্রি করছেন।

আরও পড়ুন

রুবেল প্রথম আলোকে বলেন, পদ্মা সেতু হয়েছে। এখন আর তাঁকে কেউ চাকরি থেকে বের করে দিতে পারবেন না। তাঁদের সব কষ্ট দূর হবে। এলাকায় নানা ধরনের ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানা হবে। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। স্বামী-স্ত্রী মিলে কোথাও কাজ জুটিয়ে নিতে পারবেন। অনুকূল পরিবেশ ও আর্থিক সহায়তা পেলে গ্রামীণ ঐতিহ্যবাহী বাহারি খাবারের দোকান দেবেন। তখন হয়তো সংসারের অভাব দূর হবে। তাঁদের স্বপ্ন পূরণ হবে।

রুবেলের স্ত্রী সীমা আক্তার বলেন, ‘অর্থসম্পদ না থাকলে মানুষ কত অসহায়, তা আমাদের চেয়ে কেউ ভালো বুঝবে না। খাবারের জন্য যখন বাচ্চারা কান্না করে, তখন শুধু চোখের পানি ফেলি। গ্রামে কোনো কাজ পাই না। স্বামীর সীমিত আয়ে সংসার চালাতে কষ্ট হয়। পদ্মা সেতু চালু হওয়ায় আমাদের এলাকা উন্নত হবে। এখন স্বাবলম্বী হয়ে উন্নত জীবন গড়ার স্বপ্ন দেখছি।’

আরও পড়ুন

শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান প্রথম আলোকে বলেন, পদ্মা নদী তাঁদের জীবনযাত্রায় অনেক বড় প্রতিবন্ধকতা ছিল। রুবেলের মতো এমন অসংখ্য মানুষের কষ্টের গল্প আছে। পদ্মা সেতু এমন অসংখ্য রুবেলের স্বপ্ন পূরণ করবে। সেই স্বপ্নপূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। প্রান্তিক পর্যায়ে বিভিন্ন প্রকল্পের আওতায় তাঁদের পুনর্বাসন ও সহায়তার জন্য তাঁরা কাজ করছেন।