সড়ক সম্প্রসারণে করা গর্ত নিজ খরচে ভরাট করছেন সেই ঠিকাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর-বগুড়া মহাসড়কের পাশে করা গর্ত বালু দিয়ে ভরাট করা হচ্ছে। আজ রোববার দুপুরে নাটোরের খেজুরতলা বাকশোরঘাট এলাকায়।
ছবি: প্রথম আলো

নাটোর-বগুড়া মহাসড়ক সম্প্রসারণকাজের সেই ঠিকাদার নিজের টাকা খরচ করে সড়কের পাশে করা গর্তগুলো বালু দিয়ে ভরাট করে দিচ্ছেন। ওই কাজের জন্য অন্য এলাকা থেকে মাটি আনার চুক্তি হয় ঠিকাদার এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। সেই চুক্তি ভঙ্গ করে টাকা সাশ্রয় করতে সড়কের পাশেই গর্ত করে মাটি তুলেছিলেন তিনি।

চুক্তি ভঙ্গ করে সড়ক সম্প্রসারণের বিষয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ সরকারি সড়কের ক্ষতি সাধনের অভিযোগে স্বপ্রণোদিত হয়ে মামলা করেন। মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (পিবিআই) ৩০ জুনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন আদালত।

আজ রোববার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের নাটোর থেকে শেরকোল পর্যন্ত ১৪ কিলোমিটার অংশ ঘুরে দেখা যায়, মহাসড়ক সম্প্রসারণকাজে নিয়োজিত ঠিকাদার মীর হাবিবুল আলম নিজে উপস্থিত থেকে সড়কের দুই পাশের গর্তগুলো বালু দিয়ে ভরাট করাচ্ছেন। ১৮টি ড্রাম্পট্রাকে করে বালু এনে সাতটি ভেকু মেশিন দিয়ে গর্ত ভরাটের কাজ চলছে। এই দৃশ্য দেখছেন আশপাশের অগণিত মানুষ।

বেলা একটার দিকে খেজুরতলা বাকশোরঘাট এলাকায় গিয়ে দেখা যায়, সেখানকার একটা লম্বা গর্ত বালু দিয়ে ভরাট করা হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা আকবর আলী জানান, কয়েক মাস আগে ঠিকাদারের লোকজন ভেকু মেশিন দিয়ে সড়কের পাশের এই জায়গার গর্ত করে সেখান থেকে মাটি তুলে সড়কে দিয়েছিলেন। তাঁরাই আবার বাইরে থেকে বালু এনে গর্তগুলো ভরাট করছেন। ঘটনাটি দেখে তাঁদের বুঝতে কষ্ট হচ্ছিল। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন।

আরও পড়ুন

বাকসোর স্লুইসগেট এলাকায় দেখা হয় ঠিকাদার মীর হাবিবুল আলমের সঙ্গে। তিনি বলেন, তিনি না বুঝে সড়কের পাশ থেকে মাটি তুলে সড়ক সম্প্রসারণের কাজ করেছিলেন। ঘটনাটি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে তিনি তখনই মাটি কাটা বন্ধ করে দেন। তিনি ভুল বুঝতে পেরে নিজের খরচে বাইরে থেকে বালু এনে গর্তগুলো ভরাট করে দিচ্ছেন। ফলে সড়কের আর কোনো ক্ষতি হওয়ার সম্ভবনা থাকবে না।

সড়কটিতে ঘোরার সময় দিঘাপতিয়া এলাকায় পাওয়া যায় সওজ নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিমকে। তিনি জানান, ঠিকাদার সড়কের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য নিজ খরচে বাইরে থেকে বালু এনে গর্তগুলো ভরাট করছেন। তিনি এবং এই প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক সড়ক ঘুরে বিষয়টি দেখেছেন। এটাকে ঠিকাদারের একটা ভালো উদ্যোগ হিসেবে দেখছেন তাঁরা। নির্বাহী প্রকৌশলী আরও বলেন, গর্ত ভরাটের জন্য প্রায় ৪৫ হাজার ঘনফুট বালু দরকার হবে। ঠিকাদার ইতিমধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় সব বালু সড়কে জমা করেছেন। আজ সকাল থেকে এসব বালু গর্তে ফেলা হচ্ছে। এই কাজে ঠিকাদারের অন্তত দেড় কোটি টাকার খরচ হবে।

সওজ সূত্রে জানা যায়, নাটোর-বগুড়া মহাসড়কের সম্প্রসারণকাজের অংশ হিসেবে নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে ৩ দশমিক ১ কিলোমিটার ৪ লেন ও পরে ৩ দশমিক ২ কিলোমিটার ৩৪ ফুট প্রশস্তকরণের জন্য একটি গুচ্ছ (প্যাকেজ) দরপত্র আহ্বান করা হয়। নাটোরের মীর হাবিবুল আলম ও ঢাকার রানা বিল্ডার্স যৌথভাবে ৮১ কোটি ৯৬ লাখ টাকায় কাজটি বাস্তবায়ন করতে চুক্তিবদ্ধ হয়। ঠিকাদারকে এই টাকার মধ্যে ৪ কোটি ৮৪ লাখ টাকা দেওয়া হবে বাইরে থেকে মাটি এনে সড়ক সম্প্রসারণ করার জন্য।

তদন্তকারী সংস্থা নাটোর পিবিআই কার্যালয়ের বিশেষ পুলিশ সুপার শরিফ উদ্দিন জানান, তাঁরা ইতিমধ্যে তদন্ত শেষ পর্যায়ে নিয়ে এসেছেন। ৩০ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। অভিযোগে যে সময়ে যে অপরাধের কথা বলা হয়েছে, তাঁরা সে ব্যাপারে তদন্ত করছেন। পরবর্তী সময়ে গর্ত ভরাট করা হচ্ছে বলে তাঁরা জেনেছেন।

আরও পড়ুন