হবিগঞ্জে গৃহবধূ রাজনা হত্যা মামলায় স্বামীর স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গৃহবধূ রাজনা বেগম হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি রাজনার স্বামী জাকারিয়া আহমেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দির বরাতে পুলিশ জানিয়েছে, চাকরি নিয়ে মধ্যপ্রাচ্যে যাওয়ার চেষ্টা করেছিলেন রাজনা। তাতে রাজি ছিলেন না তাঁর স্বামী। এ নিয়ে কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন তিনি।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য জাকারিয়াকে শনিবার সকালে হবিগঞ্জ জেলা আদালতে হাজির করে পুলিশ। প্রায় তিন ঘণ্টা সময় নিয়ে আদালতের বিচারক সুলতান উদ্দিন প্রধানের কাছে জবানবন্দি দেন তিনি। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, আসামি জাকারিয়া পেশায় একজন অটোরিকশাচালক। রাজনার সঙ্গে চার বছরের প্রেমের সম্পর্কের পর গত বছর পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। রাজনা চাকরি নিয়ে সম্প্রতি মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। তাতে বাদ সাধেন জাকারিয়া। এ নিয়ে প্রায় সময়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। ঘটনার দিন একই বিষয় নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়।

একপর্যায়ে জাকারিয়া তাঁর স্ত্রীর হাত-পা বেঁধে ফেলেন। চিৎকার করলে যাতে আওয়াজ না হয়, সে জন্য ওড়না দিয়ে স্ত্রীর মুখ বেঁধে ফেলেন। পরে রান্নাঘরের ধারালো বঁটি-দা দিয়ে গলা কেটে রাজনাকে হত্যা করা হয়।

নবীগঞ্জ উপজেলার পশ্চিম তিমিরপুর গ্রামের আবদুল রহিমের মেয়ে রাজনার সঙ্গে পাঁচ মাস আগে একই উপজেলার আলীপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে জাকারিয়ার বিয়ে হয়। বিয়ের পর রাজনা তাঁর শ্বশুরবাড়িতেই বসবাস শুরু করেন। সপ্তাহখানেক আগে জাকারিয়া-রাজনা নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজার এলাকায় একটি ভাড়া বাসায় ওঠেন।

গত সোমবার রাতে এ দম্পতির মধ্যে ঝগড়া হয়। খবর পেয়ে রাজনার মা রাত সাড়ে ১০টার দিকে ভাড়া বাসায় গিয়ে দেখেন ঘরের দরজায় তালা লাগানো। পরে তিনি দরজার ফাঁক দিয়ে দেখেন মেয়ের লাশ ঘরের মেঝেতে পড়ে আছে। নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে হাত-পা বাঁধা রাজনার লাশ উদ্ধার করে। এর পর থেকে জাকারিয়া পলাতক ছিলেন।

এ ঘটনায় বুধবার রাজনার ভাই সুফি মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় রাজনা বেগমের স্বামী জাকারিয়া আহমেদ, শ্বশুর সবুজ মিয়া, বাড়িওয়ালা সফিক মিয়া, তাঁর ছেলে মাসুম মিয়া ও প্রতিবেশী এরশাদ মিয়াকে আসামি করা হয়।

আরও পড়ুন

এরপর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সিপিসি-১-এর সদস্যরা গতকাল শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার লতঙ্গী এলাকার একটি ইটভাটা থেকে জাকারিয়াকে গ্রেপ্তার করে নবীগঞ্জ থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।

এ হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁরা হলেন নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজার এলাকার বাসিন্দা সফিক আলী ও তাঁর ছেলে মামুন মিয়া। রাজনা-জাকারিয়া দম্পতি যে বাসায় ভাড়া থাকতেন, সেই বাড়ির মালিক সফিক।

এ হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁরা হলেন নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজার এলাকার বাসিন্দা সফিক আলী ও তাঁর ছেলে মামুন মিয়া। রাজনা-জাকারিয়া দম্পতি যে বাসায় ভাড়া থাকতেন, সেই বাড়ির মালিক সফিক।