রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে শেষ পর্যন্ত ২০ শিক্ষার্থীকে কক্ষে তুলে দিতে পেরেছে হল প্রশাসন। গতকাল শুক্রবার রাত নয়টা থেকে শনিবার ভোর সাড়ে চারটা পর্যন্ত দফায় দফায় বৈঠক করে তাঁদের কক্ষে তুলে দেওয়া হয়।
তবে ছাত্রলীগের বাধার মুখে ওই ২০ শিক্ষার্থীর মধ্যে পাঁচজনকে বরাদ্দ করা কক্ষে তুলে দেওয়া সম্ভব হয়নি। তাঁদের জায়গা হয়েছে পুলিশ সদস্যদের একটি কক্ষে। যদিও কক্ষটি চার আসনের। হল থেকে পুলিশ সরিয়ে নেওয়ার পর ওই কক্ষটি খালি ছিল।
করোনা সংক্রমণ কমে যাওয়ার পর গত বছরের ১৭ অক্টোবর হল খুলে দেওয়া হয়। এরপর থেকেই আসন দখল করতে বিভিন্ন আবাসিক হলে তালা মারতে শুরু করে ছাত্রলীগ। পাশাপাশি বৈধভাবে হলে ওঠা শিক্ষার্থীদের নানা কায়দায় হলছাড়া করতে থাকেন সংগঠনটির নেতা-কর্মীরা। মধ্যরাতেও শিক্ষার্থীদের পিটিয়ে হলছাড়া করা হয়েছে। এমন পরিস্থিতিতে হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আলোচনা করে হলের অবৈধ শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে আবাসিক শিক্ষার্থীদের কক্ষে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
২৩ জুন এক নোটিশে সোহরাওয়ার্দী হল প্রশাসন জানায়, হলে অবস্থান করা অনাবাসিক, বহিরাগত ও অন্য হলের শিক্ষার্থীদের ২৯ জুনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো। এ নিয়ে কোনো শিক্ষার্থী ব্যক্তিগতভাবে প্রশাসনের সঙ্গে কথা বলতে চাইলে অভিভাবকসহ ২৮ জুনের মধ্যে যোগাযোগ করতে বলা হয়। তবে শর্ত অনুযায়ী কেউ দেখা করেননি। এমনকি কোনো অনাবাসিক শিক্ষার্থী নেমেও যাননি। ওই নোটিশেই শুক্রবার অবৈধদের নামিয়ে বৈধ শিক্ষার্থীদের তুলে দেওয়ার কথা জানানো হয়।
হল সূত্রে জানা গেছে, গতকাল বিকেল থেকে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের মধ্যে দফায় দফায় বৈঠকের পর রাত নয়টার দিকে আবাসিক শিক্ষার্থীদের কক্ষে তোলা শুরু করে। রাত ১২টা পর্যন্ত ১১ জনকে বিভিন্ন কক্ষে তুলে দেওয়ার পর ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ নেতা-কর্মীরা ভিড় করেন। তাঁরা কয়েকটি কক্ষ থেকে তাঁদের পছন্দের ছাত্রদের নামাতে নিষেধ করেন। এমনকি ছাত্রলীগই তিন শিক্ষার্থীকে নামিয়ে অন্য কক্ষে নেওয়ার জন্য আসন খালি করে দেয়। এরপর ওই কক্ষে তিনজনকে তুলে দেয় হল প্রশাসন। এভাবে ১৫ জনকে কক্ষে তুলে দিতে পেরেছে প্রশাসন। বাকি পাঁচজনকে হলের ১৬২ নম্বর কক্ষে রাখা হয়। ওই কক্ষে একসময় পুলিশ সদস্যরা থাকতেন।
বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আশিকুল ইসলাম নামের এক শিক্ষার্থীকে প্রথমে হলের ১৪৫ নম্বর কক্ষে তুলে দেওয়া হয়। রাত ১২টার পর তাঁকে ৪২১ নম্বর কক্ষে নিয়ে যাওয়া হয়। স্বাধীন আহমেদ নামে ফিশারিজ বিভাগের এক শিক্ষার্থীকেও প্রথমে তাঁর বরাদ্দের ২৫৪ নম্বর কক্ষে তোলা হয়। পরে সেখান থেকে নামিয়ে ১৫৬ নম্বর কক্ষে আনা হয় তাঁকে। ছাত্রলীগের বাধার মুখে একইভাবে অন্তত সাত শিক্ষার্থীর আসন অদলবদল করতে হয়।
পুলিশের কক্ষে থাকা শিক্ষার্থীরা জানান, তাঁরা মেস ছেড়ে দিয়েছিলেন। এখন নিরুপায় হয়ে এখানে উঠেছেন। এটি চারজনের কক্ষ। বর্তমানে পাঁচজন থাকছেন। একজনকে হয়তো পরে অন্য কক্ষে তুলে দেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক হলের একজন আবাসিক শিক্ষক প্রথম আলোকে বলেন, বিকেল থেকে দফায় দফায় বৈঠক করেছেন তাঁরা। ছাত্রলীগ প্রথমে তাদের সাতটি সিট দিতে চেয়েছিল। তারা প্রশাসনকে ওই তালিকা দেয়। তবে হল প্রশাসন তালিকা না দেখে নিজেদের মতো করে অবৈধদের নামিয়ে আবাসিক শিক্ষার্থীদের তুলে দিতে চাচ্ছিল। রাত ১২টার দিকে ছাত্রলীগ এসে বাধা দেয়। পরে আবারও কয়েকবার সভা হয়। শেষ পর্যন্ত তাঁরা কক্ষ অদলবদল করে ১৫টি কক্ষে শিক্ষার্থীদের তুলে দিতে পেরেছেন। পাঁচজনকে হলের পুলিশ কক্ষে রাখা হয়েছে। তাঁরা সেখানেই থাকবেন। ওই কক্ষটি চার আসনের।
এ বিষয়ে মন্তব্য জানতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। তবে গতকাল রাতে তাঁরা সাংবাদিকদের বলেছিলেন, তাঁরা শিক্ষকদের সঙ্গে দেখা করতে এসেছেন। কোনো বাধা দিতে আসেননি।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা শুক্রবার ৪৪ জনকে তুলে দিতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত ২০ শিক্ষার্থী হলে আসেন। নানা চাপ, হুমকি-ধমকির মধ্যেও তাঁরা তাঁদের সিদ্ধান্তে অটল ছিলেন। এ জন্য তাঁরা শেষ পর্যন্ত ওই ২০ জনকে তুলতে পেরেছেন। তাঁদের মধ্যে পাঁচজনকে পুলিশের কক্ষে রাখা হয়েছে। ওই কক্ষে এখন আর পুলিশ সদস্যরা থাকেন না। এভাবে বাকি আবাসিক শিক্ষার্থীদেরও কক্ষে তুলে দেওয়া হবে।