৫০ কিলোমিটারের লক্ষ্যে হাঁটছেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০ কিলোমিটারের পদযাত্রা শুরু করেছেন ময়মনসিংহের বীর মুক্তিযোদ্ধা বিমল পাল। আজ ভোর চারটা থেকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা থেকে ময়মনসিংহের উদ্দেশে হাঁটা শুরু করেছেন তিনি। সর্বশেষ আজ শুক্রবার বেলা পৌনে একটার দিকে বিমল পাল তারাকান্দা উপজেলা পার হয়ে ময়মনসিংহ সদরের দিকে যাচ্ছেন।
বিমল পালের সঙ্গে হাঁটছেন ময়মনসিংহের কয়েক স্বেচ্ছাসেবী। তাঁদের একজন জানান, বেলা সাড়ে তিনটা থেকে বিকেল চারটার মধ্যে তিনি ময়মনসিংহ শহরে এসে পৌঁছাবেন। ময়মনসিংহ শহরে পৌঁছার পর সার্কিট হাউস মাঠে বিমল পালকে সংবর্ধনা দেওয়া হবে।
বীর মুক্তিযোদ্ধা বিমল পাল বলেন, মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এবং অসাম্প্রদায়িক দেশ গড়ার বার্তা নিয়ে তিনি এ পদযাত্রার পরিকল্পনা করেন। এরপর নিজের ফেসবুকে তিনি এ ঘোষণা দেন। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও ময়মনসিংহের স্বেচ্ছাসেবীরা তাঁর পদযাত্রা সফল করতে পাশে দাঁড়িয়েছেন।
১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। হালুয়াঘাটে একাত্তরে তেলিখালি যুদ্ধে অংশ নেন বিমল পাল। এ জন্য তিনি পদযাত্রার জন্য ওই স্থান বেছে নিয়েছেন।
বিমল পাল প্রথম আলোকে বলেন, তিনি স্বাভাবিকভাবেই প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা হাঁটেন। ৫০ কিলোমিটার হাঁটার পরিকল্পনার পর থেকে প্রায় এক মাস ধরে তিনি আরও বেশি করে হাঁটার চর্চা করেছেন। এ চর্চা থেকে তিনি ৫০ কিলোমিটার পথ হাঁটার সাহস পেয়েছেন।
প্রায় ৭০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা বিমল পালের এ পদযাত্রার ঘোষণা ময়মনসিংহের তরুণ স্বেচ্ছাসেবকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। তাঁর এ পদযাত্রায় সঙ্গী হওয়ার জন্য তরুণেরা একটি সমন্বয় কমিটি করেছেন।
কমিটির সদস্য মতিউর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বেচ্ছাসেবীরা বিমল পালের সঙ্গে ময়মনসিংহ থেকে হালুয়াঘাটে যান। আজ ভোরে হালুয়াঘাট থেকে আনুষ্ঠানিকভাবে পদযাত্রা শুরু হয়। তিনি ২২ কিলোমিটার হাঁটার পর প্রথম বিশ্রাম নেন। ময়মনসিংহে পৌঁছার আগে প্রয়োজন হলে তিনি আবারও বিশ্রাম নেবেন। বিকেলের মধ্যে তিনি ময়মনসিংহে পৌঁছাবেন। বিকেলে ময়মনসিংহ নগরের পাটগুদাম এলাকা থেকে আরও অনেকেই এ পদযাত্রায় যোগ দিয়ে বিমল পালের সঙ্গে সার্কিট হাউস পর্যন্ত হাঁটবেন।