ঋণখেলাপির মামলা: ব্যবসায়ী শাহাবুদ্দিন দম্পতির জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহাবুদ্দিন আলম
ছবি: সংগৃহীত

গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিনের মাথায় চট্টগ্রামভিত্তিক এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম ও তাঁর স্ত্রী জামিন পেয়েছেন। একই সঙ্গে আগামী ২৫ মে দুই কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়ে গতকাল দেওয়া কারাদণ্ডের আদেশ এক মাসের জন্য স্থগিত করেন।

আজ মঙ্গলবার অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান তাঁদের জামিন মঞ্জুর করে এ আদেশ দেন।

গতকাল সোমবার একই আদালত ঋণখেলাপির দুই মামলায় শাহবুদ্দিন আলম ও তাঁর স্ত্রী ইয়াসমিন আলমকে ১০ মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে দুজন পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। ইয়াসমিন প্রতিষ্ঠানটির পরিচালক।

বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম। তিনি প্রথম আলোকে বলেন, ঋণের ৫০ লাখ টাকা পরিশোধ এবং পাসপোর্ট জমা করে শাহাবুদ্দিন আলম ও তাঁর স্ত্রীর জামিন মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে আগামী ২৫ মে দুই কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়ে এক মাসের জন্য কারাদণ্ড স্থগিত করেন আদালত।

আদালত সূত্র জানায়, রূপালী ব্যাংক লিমিটেডের ১৭৪ কোটি ৩০ লাখ ১ হাজার ৮১৪ টাকার ঋণখেলাপির মামলায় ব্যবসায়ী শাহাবুদ্দিন আলম ও তাঁর স্ত্রী ইয়াসমিন আলমকে ৫ মাসের কারাদণ্ড এবং একই ব্যাংকের ১০৩ কোটি ৮৫ লাখ ২ হাজার ৪৪৬ টাকার ঋণখেলাপির অন্য আরেকটি মামলায় গতকাল তাঁদের আরও ৫ মাসের কারাদণ্ড দেন আদালত। দুটি মামলায় তাঁরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। এ ঋণগুলো ছিল জামানতবিহীন। মামলার পাঁচ বছর পার হলেও ঋণ পরিশোধ করা হয়নি।

গত মার্চ মাসে অগ্রণী ব্যাংকের ১১২ কোটি টাকার ঋণখেলাপির অভিযোগে করা মামলায় স্ত্রীসহ শাহাবুদ্দিন এবং তাঁর স্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।

আরও পড়ুন