রাজপ্যাঁচার সন্ধানে

ফটিকছড়ির হাজারিখিলের চাপালিশগাছের ডালে একটি রাজপ্যাঁচাছবি: লেখক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২৪ সালের ১ মে যখন চট্টগ্রামের ফটিকছড়ির হাজারিখিল বন্য প্রাণী অভয়ারণ্যে গেলাম, তখন একটিমাত্র প্রজাতির প্রজাপতি ছাড়া অন্য কোনো নতুন প্রাণী বা লাইফারের দেখা পাইনি। অথচ এই অভয়ারণ্যে আমার প্রচুর অদেখা পাখি-প্রাণী রয়েছে। এরপর নানা কাজে ব্যস্ত থাকায় হাজারিখিল যেতে পারলাম না। মাসখানেক ধরে এখানে প্রচুর বিরল ও দুর্লভ পাখি দেখার খবর পেতে থাকলাম। অবশেষে ১১ জানুয়ারি রাতে তিনজনের দলে তিন দিনের জন্য হাজারিখিলের উদ্দেশে বাসে চড়লাম।

সকাল ৬টা ২১ মিনিটে ফটিকছড়ি নেমে গাইড নাহিদুল ইসলামের পাঠানো অটোরিকশায় ১৩ কিলোমিটার দূরের হাজারিখিলে পৌঁছালাম। ব্যাগপত্র ওর গেস্টহাউসে রেখে হাত–মুখ ধুয়ে নাশতা সারলাম। সকাল পৌনে আটটায় পক্ষী আলোকচিত্রী ইমরুল হাসান ও ডা. আশিকুর রহমানকে নিয়ে নাহিদের সঙ্গে অভয়ারণ্যের ভেতরে ঢুকলাম। প্রথম স্পট গেস্টহাউস থেকে প্রায় এক কিলোমিটার দূরে। ওখানেই সম্প্রতি একটি বিরল শিকারি পাখি দেখা গেছে। এ ছাড়া আরও তিনটি বিরল পাখি রয়েছে ওখানে।

অভয়ারণ্যের অফিস পেরিয়ে চা-বাগান এবং চা-বাগান পেরিয়ে ডান দিকে গেলেই এই বন। রওনা হওয়ার আধঘণ্টা পর স্পটে পৌঁছালাম। বনের চেহারা কতকটা লাউয়াছড়ার মতো। বনপথ থেকে খানিকটা ভেতরে ঢুকতে হলো। বিশাল বিশাল চাপালিশসহ বেশ কিছু প্রজাতির উঁচু গাছ রয়েছে ওখানে। এ রকম একটি উঁচু চাপালিশগাছের ডালে বসে ছিল বিশাল আকারের পাখিটি। সারা রাত শিকার করে ভোরে হয়তো ঘুমিয়েছে। আমরা যখন ওর দিকে ক্যামেরা তাক করলাম, তখন ঘুমজড়ানো চোখে ও আমাদের দিকে তাকাল। কিন্তু বিরক্ত হলো না।

পাখিটিকে প্রথমবার দেখেছিলাম মালয়েশিয়ার কুয়ালালামপুরের ‘সানওয়ে ওয়াইল্ডলাইফ পার্ক’-এ ২৪ ফেব্রুয়ারি ২০০৭-এ। কিন্তু বুনো অবস্থায় এবারই প্রথম দেখলাম হাজারিখিলে। কাজেই অত্যন্ত শান্তভাবে ধীরে ধীরে ওর ছবি তোলা শুরু করলাম। প্রায় ১৭ মিনিটে ৬০টি ছবি তুলে নিজের পক্ষীতালিকা সমৃদ্ধ করে চা-বাগানের দিকে এগোলাম।

মালয়েশিয়া ও হাজারিখিলে দেখা পাখিটি এ দেশের বিরল আবাসিক পাখি রাজপ্যাঁচা বা বুনো ভুতুম প্যাঁচা। পশ্চিমবঙ্গে বাঘা প্যাঁচা নামে পরিচিত। ইংরেজি নাম স্পট-বেলিড ইগল-আউল বা ফরেস্ট ইগল-আউল। স্ট্রিজিডি গোত্রের পাখিটির বৈজ্ঞানিক নাম Bubo nipalensis। পাকিস্তান ও মালদ্বীপ ছাড়া ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাখিটির বাস।

প্রাপ্তবয়স্ক প্যাঁচার দেহের দৈর্ঘ্য ৫০ থেকে ৬৫ সেন্টিমিটার, প্রসারিত ডানা ১৪৩ সেন্টিমিটার এবং ওজন ১.৩ থেকে ১.৫ কেজি। দেহের ওপরটা বাদামি, তার ওপর থাকে হালকা হলুদ ডোরা। নিচটা সাদা, তাতে রয়েছে ভি আকারের কালো দাগ। মাথার ওপরের শিংয়ের মতো কানঝুঁটি বা পালকগুচ্ছেও গাঢ় ডোরা দেখা যায়। চোখ বাদামি। চঞ্চু ও পা হালকা হলুদ। অপ্রাপ্তবয়স্ক পাখির পিঠ ও দেহতলে কালচে-বাদামি ডোরা থাকে। মাথার চাঁদি, পালক-ঢাকনি, কোমর ও দেহের নিচটা সাদা ও পীতাভ। ডানা ও লেজে থাকে ফ্যাকাশে ডোরা।

ওরা সিলেট ও চট্টগ্রাম বিভাগের মিশ্র চিরসবুজ বনের বাসিন্দা। সচরাচর একা বা জোড়ায় থাকে। দিনের বেলা গাছের ঘন পত্রগুচ্ছের আড়ালে ঘুমায়। রাতে শিকারের খোঁজে নিজের অবস্থানের আশপাশে হালকাভাবে ডানা নেড়ে নিঃশব্দে উড়ে বেড়ায়। বনমোরগ ও বড় আকারের পাখি, ছোট ও মাঝারি আকারের স্তন্যপায়ী প্রাণী, গিরগিটি, সাপ, মাছ ইত্যাদি পেলে ঝাঁপিয়ে পড়ে পায়ের তীব্র নখে গেঁথে ফেলে। মাঝে মাঝে ‘উক...’, ‘হুট...’ বা ‘ওক-ওক-ওক-ওক...’ শব্দে চিৎকার করে ডাকে।

ফেব্রুয়ারি থেকে মার্চ প্রজননকাল। এ সময় ওরা অতি পুরোনো গাছের খোঁড়লে বা উঁচু পাহাড়ের ফাটলে বাসা বানায়। অবশ্য শিকারি পাখির পরিত্যক্ত বাসাও ব্যবহার করে। ডিম পাড়ে মাত্র একটি, রং সাদা। প্যাঁচি একাই ডিমে তা দেয়। ডিম ফোটে ৩৪ থেকে ৩৬ দিনে। আয়ুষ্কাল ১১ থেকে ১২ বছর।

  • আ ন ম আমিনুর রহমান, পাখি ও বন্য প্রাণী প্রজনন ও চিকিৎসাবিশেষজ্ঞ