যমুনার ভাঙন ঠেকাতে নেওয়া প্রকল্পে মাস্টারপ্ল্যান না থাকায় প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনার পানি বাড়ায় ভাঙছে নদীতীরবর্তী এলাকা। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বিরামের পাঁচগাছি চরে গত বুধবার
প্রথম আলো

মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) ছাড়া যমুনা নদীর ভাঙন ঠেকাতে নেওয়া প্রকল্পের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে এক জাতীয় পরামর্শক সভায়। সভায় বিশেষজ্ঞরা বলেছেন, মহাপরিকল্পনা ছাড়া এ ধরনের প্রকল্পের সুফল মিলবে না। যমুনা নদীর ভাঙনে যাঁরা ক্ষতিগ্রস্ত; প্রকল্পটি নেওয়ার সময় তাঁদের মতামতও অগ্রাহ্য করা হয়েছে। অথচ প্রকল্পটি নেওয়া হয়েছে নদীপারের মানুষদের জীবন-জীবিকার জন্য।

আজ সোমবার রাজধানীর পানি ভবনে আয়োজিত এক জাতীয় পরামর্শক সভায় বিশেষজ্ঞরা এসব কথা তুলে ধরেন।

যমুনা নদীর ভাঙন ঠেকাতে ৭৩৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ প্রকল্পের আওতায় পরীক্ষামূলকভাবে গাইবান্ধার ফুলছড়ি ও টাঙ্গাইলের কালিহাতীতে পরীক্ষামূলকভাবে টপ ব্লকড পারমিয়েবল গ্রোয়েন (টিবিপিজি) বাঁধ দেওয়া হবে। প্রকল্পটি বাস্তবায়ন করতে ৪৬ একর জমি অধিগ্রহণ করা হবে। প্রকল্পটির ওপর পরামর্শক সভার আয়োজন করে পানি উন্নয়ন বোর্ড।

মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) ছাড়া প্রকল্প হাতে নেওয়ায় প্রশ্ন তুলেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত। অন্যদিকে যাঁদের জন্য এ প্রকল্প, তাঁদের মতামতের ঘাটতির অভিযোগ এনেছেন বিশ্বব্যাংকের প্যানেল অব এক্সপার্ট হোসেন জিল্লুর রহমান। সভায় অবশ্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলেছেন, যমুনা নদীর ভাঙন রোধে নতুন যে প্রযুক্তি ব্যবহার করা হবে, তাতে নদীপারের মানুষের কোনো ক্ষতি হবে না। ইকো সিস্টেমের ওপর নেতিবাচক প্রভাব পড়বে না।

পরামর্শক সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পানিসম্পদ সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক নুরুল ইসলাম সরকার প্রমুখ।

আইনুন নিশাত তাঁর বক্তব্যে বলেন, সম্প্রতি তিনি গাইবান্ধায় যমুনা নদীর টেকসই ব্যবস্থাপনা প্রকল্পটি সম্পর্কে স্থানীয় ব্যক্তিদের কাছে জানতে চেয়েছিলেন। প্রকল্পটির বিষয়ে তাঁরা কেউ বলতে পারেননি। যমুনা নদীশাসন, তীর সংরক্ষণ করতে গেলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, নাকি উপকৃত হবে, সেটি তাঁদের জানাতে হবে।

আইনুন নিশাত বলেন, যমুনা নদীতে বিভিন্ন জায়গা ভাঙছে, এটা ঠিক। সে জন্য নদী ব্যবস্থাপনা দরকার। কিন্তু কোনো ধরনের মাস্টারপ্ল্যান ছাড়া এ ধরনের প্রকল্প নেওয়ার ফলে এখানে সুফল পাওয়া নিয়ে প্রশ্ন আছে। তা ছাড়া প্রকল্পটির সময় স্থানীয় মানুষের সঙ্গে কথাও বলা হয়নি। প্রকল্পটির কারণে স্থানীয় কৃষিতে বিরূপ প্রভাব পড়বে কি না, সেটিও মানুষদের জানাতে হবে।

হোসেন জিল্লুর রহমান তাঁর বক্তব্যে বলেন, প্রকল্পটি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যমুনা নদীর ভাঙন রোধ করা। নৌ চলাচলও নির্বিঘ্ন করা। নদীর পাড় রক্ষা পেলে প্রচুর কৃষিজমি রক্ষা পাবে। তবে প্রকল্পটি বাস্তবায়নের আগে স্থানীয় মানুষের মতামত নেওয়ার ওপর জোর দেন তিনি। কোন উপায়ে মানুষের জীবিকা বাড়বে, সেটি মানুষকে জানাতে হবে। এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় ব্যক্তিদের জন্য নতুন কোনো সুযোগের সৃষ্টি হবে কি না, সেটিও জানাতে হবে।

‘যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা’ প্রকল্পে যা থাকছে

মূল প্রবন্ধে জানানো হয়, যমুনা নদীর ভাঙনের কারণে টাঙ্গাইল, গাইবান্ধা, সিরাজগঞ্জসহ ওই অঞ্চলে ৪৮ শতাংশ মানুষ দুবারের বেশি বাস্তুচ্যুত হয়েছে। নদী ভাঙনের কারণে সেসব জেলায় দারিদ্র্যের হার বাড়ছে। আয়ের সুযোগ কমে যাচ্ছে। নদীর ভাঙন প্রতিরোধে ‘যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা’ প্রকল্পটি নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় গাইবান্ধার ফুলছড়ি এলাকায় নদীতে একটি গ্রোয়েন বাঁধ দেওয়া হবে। এ জন্য ৩৬ একর জমি অধিগ্রহণ করা হবে। ৫৯৩টি পাইল দিয়ে এই গ্রোয়েন বাঁধ দেওয়া হবে। এ ছাড়া নদীর আড়াই কিলোমিটার এলাকায় বাঁধ ও বাঁধের ওপর পাথর দেওয়া হবে।

আরেকটি গ্রোয়েন বাঁধ দেওয়া হবে টাঙ্গাইলের কালিহাতীতে। এখানে গ্রোয়েন বাঁধ দিতে জমি অধিগ্রহণ করতে হবে ১১ একর। এ বাঁধে মোট ৫৪০টি পাইল বসানো হবে নদীতে। এ ছাড়া ১ দশমিক ৬০ কিলোমিটার এলাকায় বাঁধ দেওয়া হবে। একই সঙ্গে পাথরের আবরণ দেওয়া হবে। এ ছাড়া এ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের কাওয়াকলা ইউনিয়নে দেড় কিলোমিটার এলাকায় জিও ব্যাগ দিয়ে নদী রক্ষা করা হবে।

অবশ্য পানিসম্পদসচিব নাজমুল আহসান জানান, এ প্রকল্পের কারণে নদী ও ইকো সিস্টেমের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। যমুনা নদীর ভাঙন রোধে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি করেন তিনি।