ছুটির দিনের সকালে বৃষ্টির পরও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবার সকালেও ঢাকায় বৃষ্টি হয়েছে। সাধারণত বৃষ্টি হলে বাতাসের মানে উন্নতি দেখা যায়। এ ছাড়া আজ ছুটির দিনও। তা সত্ত্বেও আজ সকাল ১০টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১০৯টি শহরের মধ্যে ঢাকার অবস্থান পঞ্চম।
আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআই) এ সময় ঢাকার স্কোর ১৫৬। বাতাসের এই মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।
আজ একই সময়ে বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর ২৭৬। দ্বিতীয় স্থানে আছে ভারতের নয়াদিল্লি, তৃতীয় ইন্দোনেশিয়ার জাকার্তা। শহর দুটির স্কোর যথাক্রমে ১৭৯ ও ১৬৫।
আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান। তারা নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।
বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।
স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।
স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
ঢাকায় গত জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।
২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস—ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলা।