আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তি বাতিলের দাবি বাপা ও বেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুতের সঞ্চালন লাইন
ছবি: রয়টার্স ফাইল ছবি

ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)। আমদানি করা বিদ্যুতের ওপর নির্ভরতা বন্ধেরও দাবি জানিয়েছে এই দুই সংগঠন। আজ শুক্রবার এক যৌথ সংবাদ বিবৃতিতে পরিবেশবাদী সংগঠন দুটি তাদের দাবির প্রতি সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, যেখানে বাংলাদেশের নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার প্রায় অর্ধেক অলস থেকে যাচ্ছে, সেখানে বৈদেশিক মুদ্রা খরচ করে বিদ্যুৎ আমদানি মোটেও যৌক্তিক নয়। তা ছাড়া আদানি কোম্পানির কাছ থেকে যেসব শর্তে বাংলাদেশ বিদ্যুৎ কিনতে যাচ্ছে, তা বাংলাদেশের জন্য খুবই প্রতিকূল।


বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত খবরের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় নির্মিত আদানি গ্রুপের ১ হাজার ৬০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে এ বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহেই বাণিজ্যিক ভিত্তিতে বাংলাদেশ বিদ্যুৎ কিনবে। যেসব শর্তে এই বিদ্যুৎ কেনা হচ্ছে, তা বাংলাদেশের জন্য খুবই প্রতিকূল। এসব শর্তের অধীনে আদানি কোম্পানিকে যেসব আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে, তা বাংলাদেশের অন্য কোনো কোম্পানিকে দেওয়া হয়নি।

বাংলাদেশ বর্তমানে যে বিদ্যুৎ উন্নয়ন পরিকল্পনা অনুসরণ করছে, তাতে বিদ্যুৎ আমদানির পরিমাণ ভবিষ্যতে ক্রমাগতভাবে বাড়বে উল্লেখ করে বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সরকার প্রথমে টোকিও ইলেকট্রিক কোম্পানি এবং পরে ইনস্টিটিউট অব এনার্জি ইকোনমিকস, জাপান কর্তৃক প্রণীত এমন একটি বিদ্যুৎ পরিকল্পনা অনুসরণ করছে, যা শুধু কয়লানির্ভর নয়, বিদেশনির্ভরও বটে! এ পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশের মোট বিদ্যুৎ সরবরাহে আমদানিকৃত বিদ্যুতের অংশ ২০২১ সালে ৫ শতাংশ থেকে ২০৫০ সালে ১৫ শতাংশে বৃদ্ধি পাবে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, বাপা ও বেন এ চুক্তি বাতিলের দাবিকে সমর্থন করছে।
এ বিবৃতিতে স্বাক্ষর করেন বাপার সভাপতি সুলতানা কামাল ও বেনের বৈশ্বিক সমন্বয়কারী মো. খালেকুজ্জামান।