রাজধানীতে আজ বছরের রেকর্ড বৃষ্টি
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয়। এর প্রভাবে আজ বুধবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি শুরু হয়েছে গতকাল থেকেই। আজ পরিমাণ ছিল অনেক বেশি। বিশেষ করে রাজধানীতে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মোট ১২ ঘণ্টায় এ বছরে রেকর্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টি আগামীকাল বৃহস্পতিবারও হতে পারে। তবে এর পরিমাণ আজকের তুলনায় কম হতে পারে।
আজকের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে দুপুরের পর বেশির ভাগ এলাকা থেকে পানি সরে যায়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ সন্ধ্যা সোয়া ছয়টার দিকে প্রথম আলোকে বলেন, আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মোট ১২ ঘণ্টায় রাজধানীতে ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটা এ বছরের সর্বোচ্চ বৃষ্টি রাজধানীতে। এর আগে ১৭ মে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।
আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলো মাঝারি ধরনের বৃষ্টি। মাঝারি ধরনের ভারী বৃষ্টি বলতে বোঝায় ২৩ থেকে ৪২ মিলিমিটার। ভারী বৃষ্টি হলো ৪৪ থেকে ৮৮ মিলিমিটার। আর বৃষ্টি যদি ৮৮ মিলিমিটারের বেশি হয়, তবে তা অতিভারী বৃষ্টি হিসেবে গণ্য হয়।
আজ বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। পুরান ঢাকার ইংলিশ রোড, আগা সাদেক লেন, নাজিরা বাজার এবং কাঁঠালবাগান, মিরপুর-১০, রোকেয়া সরণি, কল্যাণপুর এলাকায় বেশ কিছুক্ষণ পানি জমে থাকে সড়কে। বেলা প্রায় তিনটার মধ্যেই পানি অবশ্য সরে যায়।
এখনকার বৃষ্টির কারণ হলো মৌসুমি বায়ু। চলতি মাসের ৮ তারিখে এটি বাংলাদেশে প্রবেশ করেছে। সাধারণত ৩১ মে মৌসুমি বায়ু দেশের প্রবেশ করে। এবার তাতে দেরি হয়েছে। তবে ৮ তারিখের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়।
এরপর তা কমে গেলেও গত সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমি বায়ুর অক্ষ ভারতের হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত ছড়িয়ে আছে।