বিরল পাখি রাঙা হালতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসায় বসে ডিমে তা দিচ্ছে রাঙা হালতি। বাগেরহাটের ফকিরহাটের সাতশৈয়া গ্রামে
ছবি: আ ন ম আমিনুর রহমান

বাদুড়ে চিবানো পাকা সুপারি কুড়াতে বাগানে ঢুকেছে ১০ বছর বয়সী ছেলেটি। কাঁটাভরা লুকলুকিগাছটার তলায় সে দেখতে পেল পাখিটিকে। চিনল। ব্যাপার বুঝে ওঠায় বাসা খুঁজে বের করল। বাসায় একটিমাত্র কুচকুচে কালো রঙের ছানা।

বাসার তলার মাটিতে দাঁড়ানো পাখিটি ছিল বাবা পাখি। বসন্ত-শরৎকালে মা-বাবা পাখি শুকনা লতা-শিকড়-সরু সরু ডালপালা দিয়ে বাসা বানায়। এই বাসা বানানোর শুরু থেকেই রাতের বেলায় পাড়া কাঁপিয়ে ডাকতে শুরু করে।

বাসা বানানো শেষ, ডিম পাড়া শুরু ও ডিম পাড়া (চার-সাতটি) শেষ হওয়া পর্যন্ত রাতের পর রাত ডাকবে। বাসা করে ঘন ঝোপঝাড়-গাছের ঘন ডালপাতার ভেতরে ও অন্যান্য পছন্দসই জায়গায়। মাটি থেকে দুই-আট ফুট উচ্চতার ভেতরে বাসা করে।

ডিমে তা দেয় দুজনেই। প্রথম ডিমটি ফুটে ছানা হয়, সেই ছানার ভেজা শরীর শুকায় মায়ের বুকে-পেটের তলায় থেকে। তখন বাবা পাখিটি বাসার তলায় এসে ওপরমুখো তাকিয়ে ‘কিট কিট’ শব্দে ডাকতে থাকে। ছানাটি বাসার কিনারে উঠে নিচে তাকিয়ে বাবাকে লক্ষ্য করে লাফিয়ে পড়ে। অনেক সময় মা ঠোঁট দিয়ে ঠেলে ফেলে দেয়। বাবা পাখি ছানাটিকে পেছনে পেছনে নিয়ে নিরাপদ জায়গায় রাখে ও পাহারা দেয়। এভাবে বাবা পাখি একে একে সব কটি ছানাকে এনে একত্র করে, মা পাখিটি তখন বাসা ছাড়ে।

লেখার শুরুতে যে বাবা পাখিটির কথা বলা হয়েছে, সেটা বাসার তলায় এসেছিল শেষ ছানাটিকে বরণ করতে। ওই ঘটনা ১৯৬৩ সালের। ৫৯ বছর আগের সেই ১০ বছরের ছেলেটি ছিলাম আমি। আমাদের বিশাল সুপারিবাগান, পানের বরজ ও আখখেতে পাখিটিকে শৈশব থেকে কতবার যে দেখেছি আমি। শুনেছি ডাক, দেখেছি বাসা, ডিম ও ছানা।

গত ২৩ জুলাই বাড়ি লাগোয়া বাগানের ভেতরের একটি বাঁশের মাথার গুচ্ছবদ্ধ বাঁশপাতা ও কঞ্চির ভেতরে বাসা করেছিল একই প্রজাতির দুটি পাখি। ১৪ বছর বয়সী হামজা নামক ছেলেটি বাগানে গিয়ে দেখল একটি পাখি ওপরের দিকে তাকিয়ে ‘কিট কিট’ শব্দে ডাকছে। পরমুহূর্তেই কালো একটি ছানা বাঁশের আগার বাসা থেকে লাফিয়ে নামল নিচে। হামজা ধরে ফেলল ছানাটিকে। ওর বাবা শেখ টিপু সুলতান ফকিরহাট থেকে বাড়ি ফিরে ছেলেকে বকাঝকা করলেন। ছানাটিকে নিয়ে ছেড়ে দিলেন যথাস্থানে। ওই দিনই ছানাটির ছবি তুলে আমাকে পাঠাল আলোকচিত্রী শিপলু খান।

দুটি ঘটনাই বাগেরহাটের ফকিরহাটের সাতশৈয়া গ্রামের। বিরল এই পাখিদের বাসা প্রতি মৌসুমেই পাওয়া যায় ফকিরহাট অঞ্চলে। আমরা সঠিক হিসাব ও তথ্য–উপাত্ত সংগ্রহ শুরু করি ১৯৯০ সাল থেকে। ১৯৯০ সাল থেকে ২০২২ পর্যন্ত প্রতিবছর গড়ে ১০টি করে বাসা পাওয়া গেছে। বাংলাদেশের অন্য কোথাও অদ্যাবধি এই পাখিদের বাসা ও বাসায় ডিম বা বাসায় বসে ডিমে তা দিচ্ছে পাখিটি, হয়তোবা ফুটেছে দু–একটি ছানা, এমন তথ্য পাওয়া যায়নি। ২০০২ সালে ‘রাঙা হালতির ছানা’ শীর্ষক একটি প্রামাণ্য ভিডিও চিত্র নির্মাণ করেছিলাম আমি। ২০০০ সালে ১৭ মিনিটের ওই ভিডিও চিত্রের প্রদর্শনী হয়েছিল ঢাকার একটা ঘরোয়া অনুষ্ঠানে।

হ্যাঁ, পাখিটির নাম রাঙা হালতি। বিরল আবাসিক এই পাখির ইংরেজি নাম Slaty-legged Crake. বৈজ্ঞানিক নাম Rallina eurizinoides. দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটার। পুরুষটির ঘাড়-মাথা-বুক-পিঠ পোড়া ইটের গুঁড়ার মতো লাল বা ঘন জলপাই-বাদামি। বুক পেটে আড়াআড়িভাবে অনেকগুলো সাদা-কালো রেখা পর্যায়ক্রমে টানা। বন-বাগানের মাটিতে হেঁটে হেঁটে খায় নানা রকম ছোট ছোট বীজ, নরম শিকড়-পাতা-কেঁচো-লার্ভা ও কেঁচোজাতীয় প্রাণী। রাঙা হালতি রাঙাই বটে; কিন্তু এদের ছানারা হয় কুচকুচে কালো। ঠোঁটের আগা হয় সাদা।

শরীফ খান, পাখি ও বন্য প্রাণিবিষয়ক লেখক