সাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত, ঘূর্ণিঝড় হয়ে আঘাত হানতে পারে অন্ধ্র প্রদেশের উপকূলে
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরে তা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের আজ রোববার দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে। ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে। আর এর প্রভাবে বাংলাদেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। দেশের উপকূলে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আজ দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় থাকা নিম্নচাপটি ঘনীভূত হয়ে আজ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরে এটি ধীরে ধীরে দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তর–পশ্চিম দিকে যেতে পারে। এটি অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে আগামী বুধবার (২৮ অক্টোবর) নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজ প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড়টি অতি প্রবল হবে বলেই ধারণা করা হচ্ছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে।
তবে এর প্রভাব বাংলাদেশে কতটা পড়তে পারে, তা অনেকটাই নির্ভর করে এটি ভূমিতে উঠে আসার পর, এমনটাই বলে হাফিজুর রহমান। তিনি বলেন, এরপর ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি বদলাতে শুরু করে। তাই এখনো নিশ্চিত করে বলার উপায় নেই যে এটি ব্যাপক বৃষ্টি ঘটাবে। যদি অন্ধ্রের উপকূলে আঘাত হানে, তার প্রভাবে বাংলাদেশের সিলেট ও ময়মনসিংহ বিভাগ বাদ দিয়ে অন্য সব এলাকায় বৃষ্টি হতে পারে। আর উপকূলীয় এলাকায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চলতি মাসে দেশের বেশির ভাগ এলাকায় তেমন কোনো বৃষ্টি হয়নি। গত সেপ্টেম্বর ও আগস্ট মাসেও স্বাভাবিকের চেয়ে বেশি কম বৃষ্টি হয়েছিল।
তবে এবারের ঘূর্ণিঝড়ে বুধবার থেকে দু–এক দিন বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।