দুই বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা
দেশে প্রতিদিন বাড়ছে তাপমাত্রা। তবে তা অসহনীয় হয়ে ওঠেনি এখনো। মাঝেমধ্যে দক্ষিণের বাতাস শীতল স্পর্শ বুলিয়ে দেয় বরং। বৃষ্টির দেখা নেই অনেক দিন। চারদিকে ধুলোয় ধূসর। পথ চলতে গিয়ে আশপাশের গাছের পাতায় ধুলোর পরত পড়ে থাকতে দেখা যাচ্ছে। দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টির দেখা ছিল না দীর্ঘ সময়। গতকাল বুধবার সেই ধারার ব্যতিক্রম হলো। ময়মনসিংহ ও নেত্রকোনায় বৃষ্টি হয়েছে সামান্য। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজও দুই বিভাগে কিছু বৃষ্টি হবে। তবে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা আপাতত কম।
আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান আজ প্রথম আলোকে বলেন, দেশের প্রায় বেশির ভাগ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। তবে আজ রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে তাপমাত্রা বৃদ্ধির ধারা এখন অব্যাহত থাকবে।
গতকাল দেশের চারটি এলাকার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে তেঁতুলিয়ায় বৃষ্টি হয়েছে ১ মিলিমিটার, সিলেটে ৫ মিলিমিটার, ময়মনসিংহে ১১ মিলিমিটার এবং নেত্রকোনায় সর্বোচ্চ ১৯ মিলিমিটার।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এখানেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এখানে সর্বনিম্ন তাপমাত্রা কমলেও বেড়েছে রাজধানীতে। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। আজ সেটা বেড়ে হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার কুমারখালীতে এই তাপমাত্রা ছিল।