বায়ুদূষণে ঢাকা আজ ১০ম, শীর্ষে দিল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ু দূষণ
ফাইল ছবি

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে আজ রোববার ঢাকার অবস্থান ১০ম। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) আজ সকাল সাড়ে ১০টায় ঢাকার স্কোর ১৫৮। আজকের যে স্কোর, সে অনুযায়ী ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’। গতকাল শনিবার বায়ুদূষণে ঢাকার স্কোর ছিল ১৫৫। আর অবস্থান ছিল সপ্তম। আজ বিশ্বের ১০০ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে আছে দিল্লি।

আজ একিউআই ইনডেক্সে সবার ওপরে থাকা দিল্লির স্কোর ২৯৬। দ্বিতীয় অবস্থানে আছে থাইল্যান্ডের চিয়াংমাই, স্কোর ২৫০। তৃতীয় ও চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর ও নেপালের কাঠমান্ডু। শহর ২টির স্কোর যথাক্রমে ২১২ ও ১৮২। পঞ্চম স্থানে আছে ভারতের মুম্বাই, স্কোর ১৬৭।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাঁদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

একিউআই ইনডেক্সে স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। আর স্কোর ৩০১ থেকে ৪০০ হলে সেই বাতাসকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা ওই শহরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

অন্যদিকে একিউআই ইনডেক্সে ৫০ থেকে ১০০-এর মধ্যে স্কোর থাকলে সেই বাতাসকে ‘মধ্যম’ কিংবা ‘গ্রহণযোগ্য’ হিসেবে বিবেচনা করা হয়। ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।

এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ। ঢাকার জন্য বায়ুদূষণ বড় একটি সমস্যা। এ জন্য মোটাদাগে তিনটি কারণ চিহ্নিত করা হয়। সেগুলো হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলা। পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক যৌথ প্রতিবেদনে এই তিন কারণের কথা বলা হয়েছে।

নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি—বছরের এই চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ।