চিড়িয়াখানাকে ‘বন্য প্রাণীর টর্চার সেল’ বললেন তাঁরা, দাবি করলেন বন্ধের

দেশের সব চিড়িয়াখানা বন্ধের দাবিতে রাজধানীতে মানববন্ধন করে ‘সেভ দ্য নেচার অব বাংলাদেশ’ নামের একটি সংগঠনছবি: শুভ্র কান্তি দাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বন্য প্রাণীর টর্চার সেল’ ও ‘অবৈধ’ আখ্যা দিয়ে সারা দেশের সব চিড়িয়াখানা বন্ধের দাবি জানিয়েছে ‘সেভ দ্য নেচার অব বাংলাদেশ’ নামের একটি সংগঠন। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আজ শুক্রবার আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় তারা। বন্য প্রাণীদের ‘বন্দিজীবনের অবসান’ ও নিরাপদ অভয়ারণ্য নিশ্চিত করার দাবিতে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এ মানববন্ধন চলে।

এই কর্মসূচিতে ‘অ্যান্টি জু মুভমেন্ট অব বাংলাদেশ’ ব্যানারে সমমনা বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সদস্যরা অংশ নেন। কর্মসূচির ব্যানারে লেখা ছিল ‘চিড়িয়াখানা বন্ধের দাবিতে সম্মিলিত আন্দোলন’। খাঁচাবন্দী হয়ে ও শিকল পরে বন্য প্রাণীকে আটকে রাখার প্রতিবাদ জানানো হয় এই কর্মসূচিতে। দাবির পক্ষে বিভিন্ন প্ল্যাকার্ড-ফেস্টুন প্রদর্শন, পোস্টকার্ডে প্রধানমন্ত্রীর কাছে গণচিঠি লিখন কর্মসূচির পাশাপাশি লিফলেটও বিতরণ করা হয় সেখানে।

কর্মসূচিতে সেভ দ্য নেচার অব বাংলাদেশের চেয়্যারমান ও আন্দোলনের আহ্বায়ক আ ন ম মোয়াজ্জেম হোসেন বলেন, সারা দেশের অর্ধশতাধিক অবৈধ চিড়িয়াখানার নিষ্ঠুর পরিবেশে বন্দী থাকা হাজারো বন্য প্রাণী তিল তিল করে মৃত্যুর প্রহর গুনছে। এই নির্দোষ অসহায় বন্য প্রাণীদের বন্দিজীবনের অবসান ও নিরাপদ অভয়ারণ্য নিশ্চিত করার দাবিতে সারা দেশ থেকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বরাবর এক লাখ পোস্টকার্ড পাঠানো ও একই দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজকের এই কর্মসূচি।

আ ন ম মোয়াজ্জেম হোসেন বলেন, ‘চিড়িয়াখানায় নিষ্ঠুর পরিবেশে বন্দী সব পশুপাখির মুক্তি চাই। চিড়িয়াখানা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

এই আন্দোলনের সদস্যসচিব আবুল বাশার বলেন, ‘চিড়িয়াখানায় গেলে প্রায়ই দেখা যায়, কোনো না কোনো প্রাণী অসুস্থ। দেশের কোনো চিড়িয়াখানায় সঠিক ব্যবস্থাপনা নেই। চিড়িয়াখানায় বন্য প্রাণীদের রেখে কষ্ট দেওয়ার কোনোই মানে হয় না। সারা দেশের সব অবৈধ চিড়িয়াখনা বন্ধ করার দাবি জানাচ্ছি।’

বন্য প্রাণীদের ‘বন্দিজীবনের অবসান’ ও নিরাপদ অভয়ারণ্য নিশ্চিত করার দাবিতে শাহবাগের মানববন্ধন
ছবি: শুভ্র কান্তি দাশ

কর্মসূচিতে অংশ নিয়ে ফারহানা ইসলাম নামের একজন আইনজীবী বলেন, বন্য প্রাণী শিকার, ধরা, মারা, ক্রয়-বিক্রয়, পাচার, দখলে রাখা ও খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। দেশে এ–সংক্রান্ত আইন থাকলেও তা কার্যকর হচ্ছে  না। এগুলো যথাযথভাবে কার্যকর করার দাবি জানাই।

অ্যানিমেল ওয়েলফেয়ার নামের একটি প্ল্যাটফর্মের সংগঠক সাজেদা হোসেইন বলেন, পশুপাখির স্থান চিড়িয়াখানা নয়। বন্য প্রাণী বিনোদন ও ব্যবসার মাধ্যম হতে পারে না। তাদের ওপর অত্যাচার করার অধিকার কারও নেই। সারা দেশের অবৈধ চিড়িয়াখানা বন্ধ করে পশুপাখিদের উন্মুক্ত বিচরণের জন্য বনে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

কর্মসূচিতে অন্যদের মধ্যে সেভ দ্য নেচার অব বাংলাদেশের সহসভাপতি শেখ মোহাম্মদ মাহাবুবুর রহমান, ঢাকা মহানগর শাখার সহসভাপতি মামুন পারভেজ, ঢাকা কলেজ ইউনিটের সমন্বয়ক আবেদ রহমান, সেভ দ্য নেশনের কানিজ আয়েশা, ভয়েসলেস লাইভস বাংলাদেশের প্রতিষ্ঠাতা রুকসাথ হক, সামাজিক সংগঠন সংঘ মিত্রার মিতা দত্ত, অ্যানিমেল প্ল্যানেট বাংলাদেশের প্রতিষ্ঠাতা আজিজুল হাকীম, বাংলাদেশ অ্যানিমেল রাইটসের মুখ্য কর্মকর্তা নাঈমুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।