রাজধানীতে ২৪ ঘণ্টায় ১১৫ মিলিমিটার বৃষ্টি
রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘণ্টায় ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় এ নগরে বৃষ্টির পরিমাণ ছিল ১১৫ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে। আবহাওয়া অফিস বলছে, আজ সারা দিনই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। থেমে থেমে বৃষ্টিও হতে পারে। তবে দুপুরের পর বৃষ্টি কিছুটা কমে আসতে পারে।
শুধু রাজধানী নয়, গতকাল বুধবার থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আজও দেশের অনেক স্থানে বৃষ্টির পূর্বাভাস আছে।
আবহাওয়া অধিদপ্তর আজ সকাল নয়টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলো মাঝারি ধরনের বৃষ্টি। মাঝারি ধরনের ভারী বৃষ্টি বলতে বোঝায় ২৩ থেকে ৪২ মিলিমিটার। ভারী বৃষ্টি হলো ৪৪ থেকে ৮৮ মিলিমিটার। আর বৃষ্টি যদি ৮৮ মিলিমিটারের বেশি হয়, তবে তা অতি ভারী বৃষ্টি হিসেবে গণ্য হয়।
এখনকার বৃষ্টির কারণ হলো মৌসুমি বায়ু। চলতি মাসের ৮ তারিখে এটি বাংলাদেশে প্রবেশ করেছে। সাধারণত ৩১ মে মৌসুমি বায়ু দেশের প্রবেশ করে। এবার তাতে দেরি হয়েছে। তবে ৮ তারিখের পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়।
এরপর তা কমে গেলেও গত সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। গত মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর দেশের ৪৪টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। সেখানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ৫টি স্টেশন বাদ দিয়ে অন্য জায়গাগুলোয় বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুমিল্লায়, ১৫৯ মিলিমিটার। কুমিল্লার পর দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ঢাকায়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ প্রথম আলোকে বলেন, রাজধানীর আকাশ আজ মেঘাচ্ছন্নই থাকবে। থেমে থেমে অল্প পরিমাণ বৃষ্টি হতে পারে। তবে বিকেলের দিকে বৃষ্টি কমে আসতে পারে।
দেশজুড়ে এখন যে বৃষ্টি চলছে, তা আগামী শনিবার পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন নাজমুল হক। তিনি বলেন, শনিবারের পর থেকে বৃষ্টি কমে আসতে পারে।