সাগরে নিম্নচাপ, দেশের চার বন্দরে ১ নম্বর সতর্কসংকেত

ঘূর্ণিঝড়ফাইল ছবি: আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে নেওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। এর সম্ভাব্য আঘাতস্থল ভারতের ওডিশা রাজ্য। তবে এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আজ রোববার দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৫০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ৯০০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ৮২০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

অধিদপ্তর সূত্র জানিয়েছে, এবারের নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘আকভান’। এটি ইরানের দেওয়া নাম। এর অর্থ শক্তিশালী।

গত ২৮ অক্টোবর ঘূর্ণিঝড় অর্ণব এবং ৩ নভেম্বর ঘূর্ণিঝড় মুরাসু ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূলে আঘাত হানে। এবারের ঘূর্ণিঝড় ভারতের ওডিশা রাজ্যের উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিঞা আজ প্রথম আলোকে বলেন, আগের দুটি ঘূর্ণিঝড়ের সময় বাংলাদেশে তেমন কোনো প্রভাব পড়েনি। তবে এবার পরিস্থিতি তেমন হবে না। ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশে বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গলবার থেকে এর প্রভাব দেখা যেতে পারে। বুধবার দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।