বাসা যাদের মাটির সুড়ঙ্গে

ছাগলের পিঠে চড়ে খাবারের সন্ধানে একটি গাঙশালিকছবি: মনিরুল এইচ খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঠোপথটি শেষ হয়েছে খালপাড়ে, খালের দুই পাশ জুড়ে ঘন বুনটের ঝোপঝাড়। খালটির পাশের একটি জমি থেকে সেই কবে মাটি কেটে নিয়েছিলেন মাটিকাটা শ্রমিকেরা। চৌকোনা সেই জায়গা দেখাচ্ছে ছোটখাটো একটি জলাশয়ের মতো। মাঝবরাবর পাশাপাশি দুটি পাঁচ–ছয় ফুট উঁচু মাটির খাড়া স্তম্ভ। ভাদ্র মাস। জলাশয়ে জল জমে আছে। ছোট দুটি মাটির স্তম্ভ মাটিকাটা শ্রমিকেরা এ জন্যই রেখেছেন যে কতটুকু গভীর করে মাটি কাটা হয়েছে, তা যেন বোঝা যায়।

এই ঢিবি বা চমৎকার খাড়া গড়নের স্তম্ভগুলোকে বাগেরহাট অঞ্চলে বলা হয় ‘সাক্ষী’। তো একটি টিবির শীর্ষদেশে চুপচাপ বসে আছে সুদর্শন একটি ‘মেঘ হও’ বা ‘মঘু মাছরাঙা’ পাখি। গাট্টাগোট্টা, শক্তপোক্ত, মোটা ও বল্লম–ধার বাহারি ঠোঁটের রং লাল টুকটুকে। হঠাৎ দুটি পাখা মেলে চরাচর কাঁপিয়ে জোরালো কণ্ঠে ডাকতে শুরু করল— ‘ক্যা ক্যা ক্যাক্ ক্যা ক্যাও’ শব্দে। দেখতে না দেখতে টিবির বিপরীত পাশ থেকে লাফের ভঙ্গিতে উড়ে ওটার পাশে বসল সঙ্গী পাখিটি। ঠোঁটে মাটি লেগে আছে। তারপরে অকস্মাৎ ডাকতে ডাকতে উড়াল দিয়ে চলে গেল অনতিদূরের পুকুরটির দিকে, আর টুপ করে লাফ দিয়ে প্রথম পাখিটি টিলার বিপরীত পাশে অদৃশ্য হলো। এই তো, এই মাত্র দ্বিতীয় পাখিটি ওখান থেকেই উঠে এসেছিল।

আমরা দুজন দাঁড়িয়ে গেলাম। ভাবলাম, ঢিবির গায়ের সুড়ঙ্গ বাসায় ডিমে তা দেওয়ার ‘পালাবদল’ হলো এই মাত্র। আমরা অনেক কষ্টে বিপরীত পাশে যেতেই দেখতে পেলাম, ডিমে তা দেওয়ার জন্য নয়, সুড়ঙ্গ খোঁড়ার কাজের ‘পালাবদল’ হয়েছে। টিলার গায়ে খাড়া হয়ে বসে সমানে ঠোঁট চালাচ্ছে মাটিতে, ঝুরঝুর মাটি ঝরছে টিলার গা বেয়ে নিচের জলে।

এবার বসলাম আমরা দুজন। যেকোনো প্রজাতির পাখির বাসা বানানোর দৃশ্যটা আমাকে প্রবলভাবে আকর্ষণ করে, দুর্নিবার এই নেশা আমার জন্মগত। শৈশব-কৈশোর-তরুণ বেলা এবং এই বৃদ্ধ বয়সে সেই নেশাটা আমার কাটেনি একটুও। ১৯৭০ সালে আমার সংগ্রহে শতাধিক প্রজাতির ৩৭৫টি পাখির বাসা (পরিত্যক্ত বাসা) ছিল। যাহোক, সঙ্গী আমার অতি আপনজন, বাগেরহাটের রামপালের (কয়লাবিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি) একটি গ্রামে তার শ্বশুরবাড়ি, তার সঙ্গে বেড়াতে এসেছি। ২০১৯ সালের আগস্ট মাস ছিল সেটি।

তো ‘ক্যা ক্যা’ শব্দে ডাকার জন্য মঘু মাছরাঙা বাগেরহাট অঞ্চলে ‘কেওয়া’ নামেও পরিচিত। এগুলো বর্ষা থেকে শীতকাল পর্যন্ত মাটিতে সুড়ঙ্গ খুঁড়ে বাসা বানায়। আগে জায়গা নির্বাচন করে দুজন মিলে। মগজের মানচিত্রে সুড়ঙ্গমুখের ম্যাপটা এঁকে নেয়। তারপরে শুরু করে সুড়ঙ্গ খনন। পালাক্রমে সুড়ঙ্গ খোঁড়ে। জায়গা পছন্দের ব্যাপারে কয়েকটি দিকে সতর্ক খেয়াল রাখে এরা। মাটি কেমন? সুড়ঙ্গে জল ঢুকবে কি না, সহজে সাপ-বেজি সুড়ঙ্গের প্রবেশমুখের নাগাল পাবে কি না, ইত্যাদি।

সিলেটের টিলার গায়ে নীললেজ সুইচোরার কলোনি বাসা
ছবি: তানভীর খান

মঘু মাছরাঙার সুড়ঙ্গ আড়াই থেকে সাড়ে তিন ফুট গভীর হয়। আমরা যেটা দেখছি তখন, সুড়ঙ্গের মুখটাই খোঁড়া হচ্ছে শুধু। গলা পর্যন্ত যতক্ষণ না প্রবেশ করাতে পারবে, ততক্ষণ পর্যন্ত বাইরে থেকেই খুঁড়বে। পরে ভেতরে ঢুকবে। মূল অস্ত্র ঠোঁট ও পায়ের নখর। ঝুরঝুরে মাটি মুখ-বুক-ডানা-পেট দিয়ে ঠেলে বাইরে এনে ফেলবে। ঘণ্টা দুয়েক দেখলাম। পাশের টিলাটার গায়েও মোট তিনটি সুড়ঙ্গ আমরা দেখতে পাচ্ছিলাম। সুইচোরার বাসাই হবে! বেশ কিছুক্ষণ পরে তিন জোড়া খয়েরিমাথা সুঁইচোরা উড়ে এসে বসল টিলাটার মাথায়। বুঝলাম, সুড়ঙ্গ-বাসা সমাপ্ত করেছে ওরা। ডিম পাড়েনি। না হলে এত দীর্ঘ সময় খাবারের সন্ধানে দূরে থাকত না। সুইচোরা প্রায়ই ছোট-বড় কলোনি বাসা করে, সেই কলোনিতে থাকতে পারে তিন থেকে শুরু করে শতাধিক সুড়ঙ্গ। টিলা-পাহাড়ের গায়ে সুড়ঙ্গ খুঁড়ে কলোনি বাসা গড়ে নীললেজ সুইচোরারাও।

নদীর খাড়া বা ঢালু পাড়ে, ডোবা–নালার কিনারে তথা অন্যান্য জুৎসই জায়গার মাটিতে সুড়ঙ্গ খুঁড়ে বাসা বানায় যেসব পাখি, আমার মতে সেগুলোর সবাই মৃত্তিকাবিজ্ঞানী, আর্কিটেক্ট, অঙ্কবিদ ও খননবিদ। গত ৬০ বছরে আমি ও আমরা প্রায় সব ধরনের সুড়ঙ্গবাসী পাখির বাসা কোদাল, খুন্তি ও শাবল দিয়ে খুঁড়ে দেখেছি। মগজে আজও ‘সেভ’ হয়ে আছে—সেই মানচিত্র, দুর্গম-দুর্ভেদ্য ও নিরাপদ সুড়ঙ্গ ওরা খোঁড়ে কীভাবে!

আমাদের দেশের চার প্রজাতির সুইচোরা, সব প্রজাতির মাছরাঙাসহ গাঙশালিক মাটিতে সুড়ঙ্গ খুঁড়েই বাসা বানায়। একমাত্র সবুজাভ মাছরাঙাই ক্বচিৎ পরিত্যক্ত উইয়ের ঢিবি ও গাছের পচা কাণ্ড ও বাকলে বাসা করে।