বায়ুদূষণে ঢাকা আজ নবম
বায়ুদূষণে বিশ্বের ১০০টি দেশের মধ্যে আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকার স্থান নবম। বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) আজ এ সময় ঢাকার স্কোর ১৪৫। বাতাসের এ মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
একই সময় বিশ্বের বায়ুদূষণে প্রথম অবস্থানে আছে ভারতের দিল্লি। শহরটিরও স্কোর ৩১৩। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি ও কাতারের দোহা। শহর দুটির স্কোর যথাক্রমে ১৮৭ ও ১৬২ করে।
আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান। তারা দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।
বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে। একিউআই ইনডেক্সে ‘ভালো’ মানের বায়ুর ক্ষেত্রে স্কোর শূন্য থেকে ৫০।
স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। আর ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
ঢাকায় চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।