ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে পড়েছে, আজ কেমন বৃষ্টি হবে

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজধানীসহ সারা দেশে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই প্রয়োজনীয় কাজে নিউমার্কেটে এসেছেন অনেকে। নিউমার্কেট এলাকা, ঢাকা, ২০ নভেম্বরছবি: দীপু মালাকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আকভান নিম্নচাপ থেকে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গতকাল শুক্রবার পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আজ শনিবারও দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে।

তবে রাজধানীসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি কমে আসবে। রাজধানীতে রোদের দেখাও মিলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা। রাজশাহী ও রংপুর বিভাগের মাঝামাঝি এলাকায় এবং ময়মনসিংহ বিভাগের কয়েকটি জায়গাসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টি আজও থাকতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুমিল্লায় ১০১ মিলিমিটার। গতকাল পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল যশোরে ১৩৩ মিলিমিটার। সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টির পরিমাণ ২২ মিলিমিটার। এর আগের দিনে বৃষ্টি হয়েছিল ১৯ মিলিমিটার।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড়টি এখন অনেকটাই দুর্বল হয়ে গেছে। এখন এসে এটি সুস্পষ্ট লঘুচাপ আকারে আছে। এর ফলে আজ দেশে বৃষ্টি অনেকটা কমে যেতে পারে।

আরও পড়ুন

গতকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে ভারতের ওডিশা উপকূলের গোপালনগরে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় আকভান। তবে আঘাত করার আগেই ঘূর্ণিঝড়টি অনেকটা দুর্বল হয়ে পড়ে। এরপরে সময় যত গেছে ঘূর্ণিঝড়ের ক্ষমতা ততই কমেছে।

নাজমুল ইসলাম বলেন, আজ উপকূল এলাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। রাজধানীতে আকাশ মেঘলা থাকলেও কখনো কখনো রোদের মুখ দেখা যেতে পারে।

আরও পড়ুন