দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবহাওয়া অধিদপ্তর
ছবি: অধিদপ্তরের ফেসবুক থেকে নেওয়া

দেশের ১০ অঞ্চলে আজ শুক্রবার ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আজ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

আজ সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেখানে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে। সেখানে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

দেশের ওপর মৌসুমি বায়ু এখন পুরোপুরি নয় মোটামুটি সক্রিয়। এতেও অবশ্য দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৪৪টি স্টেশনের আবহাওয়ার বার্তা তুলে ধরে। সেখানে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ৩১টি স্টেশনে বৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৫৭ মিলিমিটার।

চলতি জুন মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয় তাপপ্রবাহ। কোথাও কোথাও প্রচণ্ড তাপপ্রবাহও বয়ে যায়। মৌসুমি বায়ুর প্রবেশে দেরি হওয়ায় জুনের শুরুতে দেখা দেয় প্রচণ্ড গরম। সাধারণত ৩১ মে টেকনাফ এলাকা দিয়ে এর প্রবেশ ঘটে। পরদিন কক্সবাজার, এরপর চট্টগ্রাম হয়ে দেশের মধ্যাঞ্চলে চলে আসে মৌসুমি বায়ু। তবে এবার এ বায়ু এসেছে ৮ জুন। তার পর থেকে বৃষ্টি শুরু হলেও পরে তা কমে যায়। গত সপ্তাহের শুরু থেকে আবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়। এতে কমে যায় তাপপ্রবাহও।