রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস
সকাল থেকে তীব্র রোদ। এরপর আকাশ কালো করে মেঘ আর দুপুর বা বিকেলের দিকে বৃষ্টি। প্রায় সপ্তাহখানেক ধরে এমনটাই চলছে। শুধু রাজধানীতে নয়, দেশের বিভিন্ন স্থানে এ অবস্থা চলছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।
আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর আজ সকাল সাতটায় ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলাসহ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, আজ রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা আছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।
বৃষ্টির জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমেছে গত ২৪ ঘণ্টায়। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বান্দরবানে, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বান্দরবানেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা সবশেষ ২৪ ঘণ্টায় ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন এ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামীকাল শুক্রবার পর্যন্ত বৃষ্টির প্রবণতা থাকতে পারে। এর পর থেকে এ প্রবণতা কমবে।