‘রেমা’র দুঃখজনক বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেমা ও তার দল। সম্প্রতি ভারতের ত্রিপুরা রাজ্যের কল্যাণপুরে
ছবি: পিনাক পল

২০ অক্টোবর ২০২২। সকালটা আমাদের জন্য ছিল খুবই আনন্দময়। এ দেশে প্রথম বাংলা শকুনের পিঠে স্যাটেলাইট যন্ত্র বসানো হলো রেমা-কালেঙ্গা বন্য প্রাণী অভয়ারণ্যে। শকুনটির নামও আমরা দিয়েছিলাম বনটির নামে ‘রেমা’।

তার প্রতিদিনের যাত্রাপথ, খাবার, বিশ্রাম, প্রজনন বিষয়ে পরিষ্কার ধারণার জন্যই এ বৈজ্ঞানিক গবেষণা শুরু করে আইইউসিএন বাংলাদেশ ও বন অধিদপ্তর। আমাদের এই গবেষণার সঙ্গে যোগ দিয়েছিলেন ব্রিটিশ সংস্থা আরএসপিবির দুজন প্রখ্যাত গবেষক ডানকান ইউইং ও জন ম্যালার্ড।

স্যাটেলাইট যন্ত্রটি বসানোর পর থেকে শকুনটির প্রতিদিনের গল্প আমাদের জানা। শকুনটি প্রতিদিন গড়ে ৭৭ কিলোমিটার পথ পরিভ্রমণ করে। রেমা বন্য প্রাণী অভয়ারণ্যে শকুনটি রাত যাপন করে। বাংলাদেশ ও ভারতের মধ্যে খোয়াই নদ ধরে পাখিটি খাবার খোঁজ করে। রেমা বন থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার তেলিয়ামুড়া গ্রাম পর্যন্ত শকুনটি ভ্রমণ করেছে।

গত ২২ মার্চ স্যাটেলাইট যন্ত্রসহ রেমার মৃতদেহ পাওয়া যায় মৌলভীবাজারের কালারবাজারের রায়পুর এলাকায়

রেমা বন থেকে এ গ্রামের দূরত্ব প্রায় ৩১ কিলোমিটার। আর বাংলাদেশের ভেতর মৌলভীবাজারের কালারবাজারের রায়পুর পর্যন্ত প্রায় ৪৭ কিলোমিটার দূরত্বে ঘুরে বেড়িয়েছে এ শকুন। রেমার গতিপথ দেখেই এই এলাকায় শকুনের একটি নতুন কলোনিও আমরা খুঁজে পাই।

শকুনটি গত প্রায় পাঁচ মাসে ১০ হাজার কিলোমিটার পথ ভ্রমণ করেছে। সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি শকুনটির অবস্থান ছিল মৌলভীবাজার সদর উপজেলার কালারবাজারসংলগ্ন বরকাপন এলাকায়। একনাগাড়ে শকুনটি এক জায়গায় অবস্থান করায় আমাদের সন্দেহ হয়। এরপর গত ২২ মার্চ জিপিএস সূত্র ধরে শকুনটির ঠিকানা খুঁজে পাই একটি বরুণগাছে। পিঠে স্যাটেলাইট যন্ত্র নিয়ে শকুনটির মৃতদেহ ঝুলে আছে! অবিশ্বাস্য ও নিদারুণ এক দৃশ্য! শকুন সংরক্ষণের কাজ করতে গিয়ে গত এক যুগে এটি সবচেয়ে ভয়াবহ মুহূর্ত। আমাদের সবার প্রিয় ‘রেমা’ মারা গেছে। আশপাশের মাঠে প্রায় আরও ১৩টি শকুনের মৃতদেহ খুঁজে পাই।

২০ অক্টোবর ২০২২ রেমা নামের শকুনটির পিঠে স্যাটেলাইট যন্ত্র বসিয়ে ছেড়ে দেন গবেষকেরা

রেমাসহ এই শকুনগুলোর মৃত্যু খুবই পীড়াদায়ক। সিলেট অঞ্চলে বাংলা শকুনের সংখ্যা এখন প্রায় ৮০। এর মধ্যে সাম্প্রতিক সময়ে বেশিসংখ্যক শকুন আমরা হারালাম। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানলাম, একটি শিয়াল একটি ছাগলকে আক্রমণ করায় শিয়াল মারতে বিষ প্রয়োগ করে এক বাসিন্দা। এর ফলে বিষক্রিয়ায় শেয়ালের সঙ্গে বেশ কয়েকটি কুকুরও মারা যায়। বিষযুক্ত এই কুকুর-শিয়াল খেয়েই শকুনগুলোর মৃত্যু হয়েছে। অধিকতর গবেষণার জন্য রেমাসহ সব শকুনের মৃতদেহ উদ্ধার করে একটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

রেমার শরীরে যদি আমরা এই স্যাটেলাইট যন্ত্রটি না বসাতাম, তাহলে গল্পটি অজানাই থেকে যেত। রেমার মতো প্রায় ৫০ হাজার শকুন আমরা হারিয়ে ফেলেছি। এ দেশে টিকে আছে মাত্র ২৬০টি শকুন। আর পৃথিবী থেকে হারিয়ে গেছে প্রায় ৪ কোটি শকুন। টিকে আছে মাত্র ১১ হাজার।

২০ অক্টোবর ২০২২ রেমা নামের শকুনটির পিঠে স্যাটেলাইট যন্ত্র বসিয়ে ছেড়ে দেওয়ার আগে লেখক

‘রেমা’ যখন ভারতের ত্রিপুরা যেত তখন সেখানকার এক সহকর্মীকে খবর দিয়েছিলাম। সে দেশ থেকেও রেমা ও তার দলের ছবি তুলে পাঠিয়েছিলেন পিনাক পল নামের একজন পাখিপ্রেমী। গত ৯-১০ মার্চ এশিয়ার শকুন রক্ষায় সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ‘সেভ’–এর ১১তম সভা বসেছিল নেপালে। সেখানে আমি রেমার গতিবিধি নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছিলাম। উপস্থিত ভারতের প্রতিনিধিরা ব্যাপক সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। আমরা এই শকুনকে কেন্দ্র দুই দেশ একসঙ্গে কাজ করার পরিকল্পনা করেছিলাম। রেমা চলে যাওয়ায় ভারতের সহকর্মীরাও মর্মাহত।

রেমাকে আর ফিরে পাওয়া যাবে না। এভাবে প্রাণী মারার জন্য আর যেন বিষ প্রয়োগ করা না হয়, সে ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি পশু চিকিৎসায় নিষিদ্ধ ওষুধ কিটোপ্রোফেনের পরিবর্তে নিরাপদ ওষুধ মেলোক্সিক্যাম ও টলফামেনিক অ্যাসিডের ব্যবহার নিশ্চিত করতে হবে। এখন রেমার বাকি স্বজাতিরা এ দেশে টিকে থাকুক—এই আশা সবার।

  • সীমান্ত দীপু, বন্য প্রাণী গবেষক