বায়ুদূষণে ঢাকার অবস্থান আজ দ্বিতীয়
ঢাকার বায়ু আজ সোমবারও ‘অস্বাস্থ্যকর’। আগের দুই দিনও এ অবস্থায় ছিল রাজধানীর বায়ু। আজ সকাল সাড়ে ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৯৬ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান দ্বিতীয়। আর ২৩১ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে আছে ভারতের দিল্লি।
ঢাকায় চলতি বছরের জানুয়ারি মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে নগরবাসী। গত মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। এ ধারা এখনো অব্যাহত আছে। এ মাসেও রাজধানী ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’। দূষিত শহরের তালিকার প্রথম দিকেই থাকছে ঢাকা।
আজ সকাল সাড়ে ১০টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) তালিকার তৃতীয় স্থানে আছে চীনের বেইজিং, স্কোর ১৯৬। ভারতের মুম্বাইয়ের অবস্থান চতুর্থ, স্কোর ১৭৮। এর পর আছে ভারতের কলকাতা, স্কোর ১৬৯। ষষ্ঠ স্থানে আছে ভিয়েতনামের হ্যানয়, স্কোর ১৬৩।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি—বছরের এই চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে বেশি খারাপ।