আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, রাস্তায় বের হলে আপনাকে যা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ুদূষণ
অলংকরণ: আরাফাত করিম

গত অক্টোবর মাসের মাঝামাঝি সময়ের পর থেকে প্রায় প্রতিদিন ঢাকার বায়ু ছিল অস্বাস্থ্যকর। সাধারণত নভেম্বর মাসের পর থেকে বায়ুর এ অবস্থা হয়। কিন্তু এবার অক্টোবর মাসেই বায়ুদূষণ পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে।

আজ বুধবার সকাল ৯টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১০৯টি শহরের মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআই) এ সময় ঢাকার স্কোর ছিল ১৭৮। বাতাসের এ মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। গতকাল মঙ্গলবার বায়ুদূষণে ঢাকার অবস্থান ছিল পঞ্চম, স্কোর ছিল ১৭৩।

আজ সকাল ৯টার দিকে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি। শহর দুটির স্কোর যথাক্রমে ৪৩০ ও ৩০৫।

আরও পড়ুন

বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

আইকিউএয়ারের দেওয়া আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ২১ গুণের বেশি।

আইকিউএয়ারের বায়ু নিয়ে তৈরি প্রতিবেদনে জনস্বাস্থ্য সুরক্ষার কিছু পরামর্শ দেওয়া হয়েছে। দূষণ থেকে রক্ষা পেতে আজ ঢাকাবাসীর জন্য পরামর্শ—বাইরে বের হলে মাস্ক পরে বের হবেন, সেটি দূষণ থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে।

বায়ুদূষণ নিয়ে গবেষণায় জড়িত স্টামফোর্ড ইউনিভার্সটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান আহমদ কামরুজ্জমান মজুমদার। তিনি আজ প্রথম আলোকে বলেন, ঢাকায় অক্টোবর মাসে বায়ুদূষণ আগের সময়ের চেয়ে বেশি। এখন যে পরিস্থিতি, তাতে ঘরের বাইরে গেলে নগরবাসীর উচিত মাস্ক পরা। আর সংবেদনশীল গোষ্ঠী, যেমন বয়স্ক, শিশু ও অন্তঃসত্ত্বাদের সতর্ক থাকতে হবে বেশি।

বায়ুদূষণ রোধে সিটি করপোরেশনের এখনই পানি ছিটানোর কাজ শুরু করা উচিত বলে মনে করেন কামরুজ্জমান মজুমদার। তিনি মনে করেন, বায়ুদূষণ থেকে মানুষকে সতর্ক করে প্রচার চালানোর ব্যবস্থা করা উচিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।

বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাঁদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা, জটিল রোগে ভোগা ব্যক্তিরা। তাঁদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়।

৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। ঢাকায় গত জানুয়ারি মাসে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারির মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।