খুলনায়ও ফলতে পারে কাজুবাদাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠে আষাঢ় মাসে পাকা কাজুবাদামের ফল
ছবি: লেখক

খুলনা অঞ্চলটাই এমন। চৈত্রের কাঠফাটা রোদে মাঠঘাট শুকিয়ে মাটিতে পড়ে লবণের চাদর, গ্রীষ্মে দু–এক পশলা বৃষ্টি হতেই সে চাদর গলে যায়—সরে যায় মাটির লবণ। বৃষ্টির জলে স্নিগ্ধ হয়ে ওঠে গাছপালা। কিন্তু এবার কী হয়েছে জানি না, বৈশাখেও দেখা নেই কালবৈশাখীর, জ্যৈষ্ঠে বর্ষা নেই, আছে তীব্র দাবদাহ। মাঠ-খেত সব শুকনা। রোদে পুড়ছে মাটি, রোদের আঁচে তেতে উঠছে কৃষকের শরীর।

অবশ্য পয়লা আষাঢ়ে অল্প হলেও ঝরল বৃষ্টির ধারা, সে বৃষ্টিতে মুছে গেল গাছপালার ধুলাময়লা। খুলনা বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের গবেষণা মাঠে গিয়ে অনেকটা ঘেরের মতো করে তৈরি করা জমিতে চার পাড় ধরে লাগানো কাজুবাদামের গাছগুলো দেখে মন ভরে গেল। আহা, কী সতেজ সবুজ পাতা! কোনো কোনো গাছের ডালে ফুটছে ফুল, কোনো গাছের ডালে ঝুলছে কচি ফল ও কাজুবাদামের বিচি, আবার কোনো কোনো গাছে ঝুলছে টসটসে পাকা ফল। জাতভেদে ফুল-ফল ধরে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত।

বান্দরবানের রোয়াংছড়িতে কাজুবাদাম প্রকল্পের বাগানে ধরা ফল
ছবি: লেখক

প্রায় চার বছর ধরে কাজুবাদাম নিয়ে গবেষণা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জাকিয়া সুলতানা। খুলনা অঞ্চলে কাজুবাদাম চাষ হবে কি না, তা যাচাই করতে চান তিনি। জাকিয়া সুলতানা জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠে প্রায় ৫ বছর আগে ১০টি পাহাড়ি জাতসহ ২১টি জাতের গাছ লাগিয়ে সেসব গবেষণা বা পরীক্ষা করা হচ্ছে। এগুলোর মধ্যে গবেষণায় চারটি জাতকে উপকূলীয় অঞ্চলে চাষের জন্য সম্ভাবনাময় বলে পাওয়া গেছে।

জাতের ভিন্নতা থাকায় এখানে সব গাছে এ সময় পাকা ফল দেখা যাচ্ছে না। আবার সব ফলের আকার ও রং এক না। কথাগুলো শুনতে শুনতে চোখের সামনেই চকচকে টুকটুকে লাল একটা পাকা ফল ধরা দিল। ছবি নিলাম। আর একটু এগিয়ে যেতেই চোখে পড়ল হলদে ফলের আর এক জাতের ফল।

কাজুবাদামের ফলগুলো বেশ অদ্ভুত। সব ফলে বীজ হয় ফলের ভেতরে, আর কাজুবাদাম ও স্ট্রবেরি ফলের বীজ হয় ফলের বাইরে। কাজুবাদামের ফলকে বলে কাজুআপেল। পাকা ফল বেশ সুস্বাদু, রসাল ও সুগন্ধযুক্ত, যা খাওয়া যায়। কিডনির মতো হালকা বাদামি খোসায় মোড়ানো বাঁকা চাঁদের মতো বীজটা ফলের মুখে ঝুলতে থাকে নথের মতো।

খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মনিরুল ইসলাম এ গবেষণা কাজের তত্ত্বাবধায়ক। তিনি বলেন, পাঁচ-ছয় বছর আগে লাগানো সব গাছেই এ অঞ্চলে ফল ধরতে দেখা যাচ্ছে। তবে কোনো জাতের ফল ছোট, কোনো জাতের বড়। সব কটি জাতই খুলনা অঞ্চলে ফল দিচ্ছে।

সরকারও এখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে এ দেশে দামি ফসল কাজুবাদামের চাষ বাড়ানোর ওপর জোর দিয়েছে। এ প্রকল্পের প্রকল্প পরিচালক শহিদুল ইসলাম বলেন, তিনটি জাতের গাছ লাগিয়ে এ প্রকল্পের মাধ্যমে ১৯ জেলার ৬৬ উপজেলায় প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে কাজুবাদামের বাগান করা হয়েছে, লক্ষ্যমাত্রা ছিল ছয় হাজার হেক্টর। সেসব গাছের অবস্থা ভালো, ভালো ফলন হবে বলে তিনি আশাবাদী। ভালো ফলন হলে প্রতি হেক্টর জমিতে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার কাজুবাদাম হবে।

পর্তুগিজ নাবিকেরা এ উপমহাদেশে ১৫৬০-৬৫ সালের মধ্যে কাজুবাদাম এনে প্রথমে গোয়ার উপকূলেই লাগিয়েছিলেন। বর্তমানে ভারতের ওডিশা উপকূলেও কাজুবাদামের বাণিজ্যিক চাষ হচ্ছে। অতএব খুলনাসহ এ দেশের অন্যান্য উপকূলীয় অঞ্চলেও কাজুবাদামের চাষ সম্প্রসারণের চিন্তা করা যেতে পারে।