ঢাকাসহ ১৩ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। সকালে নগরীর কিছু কিছু স্থানে বৃষ্টিও হয়েছে। বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৩ অঞ্চলে আজ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণ, মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থান। দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেখানে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, আজ এবং আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। সর্বশেষ ২৪ ঘণ্টায় রংপুর অঞ্চলে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯৯ মিলিমিটার।
আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানান শাহীনুল ইসলাম। তিনি বলেন, রাজধানীতে আজ আরও বৃষ্টির সম্ভাবনা আছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয়। এটি উত্তর বঙ্গোপসাগের মাঝারি অবস্থায় রয়েছে।