কয়েক মাস আগে টাঙ্গাইলের সখীপুরে এক শালবনে ঢুকেছিলাম গাছ দেখার নেশায়। হঠাৎ একটা গাছের চিকন শাখায় পিঠের জামা আটকে গেল। ছাড়াতে চেষ্টা করেও পারলাম না। একটা শাখা ছাড়াই তো আরেকটা আঁকড়ে ধরে। আবিষ্কার করলাম, গাছটির চাবুকের মতো লম্বা ডাল। ডালে পাতা আর কাঁটা। কাঁটাগুলো বিড়ালের নখের মতো। অগ্রভাগ তীক্ষ্ণ ও বাঁকানো, ভীষণ শক্ত। স্থানীয় এক গ্রামবাসী সাহায্যের জন্য এগিয়ে এসে বললেন, ওটা ‘আনইগাছ’। কাঁটা ছোট, কিন্তু ভীষণ বিষাক্ত।
গাছটার সর্বাঙ্গ ভালো করে তাকিয়ে দেখলাম। পাতাগুলো বরইগাছের মতো। তবে কুলের পাতার চেয়ে বেশ বড় আর ডিম্বাকার। সেই গ্রামবাসীকে বললাম, এ তো বরইগাছ। কিন্তু ডালগুলো এমন লম্বা চাবুকের মতো কেন?
ওই গ্রামবাসী বললেন, না, এর নাম আনই। তবে এর পাকা ফল বরইয়ের মতো। আমরা খাই। ছোটবেলায় শালবনে অনেক আনইগাছ ছিল। মুঠো ভরে আনই ফল তুলে এর মিষ্টি শাঁস চুষে খেতাম। এখন তো এই গাছ দেখাই যায় না।
জানতে চাইলাম, ফলগুলো কেমন, কখন হয়? বললেন, ফলগুলো হয় থোকায় থোকায়। ছোট গুটি গুটি, পাকলে ফল হয় সাদা। ফল দেখতে হলে যেতে হবে বৈশাখ মাসে।
আনই ফলের দেখা না পেলেও সেবার কালো বুটের দানার মতো আরেকটি বরইয়ের দেখা পেলাম, নাম শিয়াকুল বা বনবরই। বৈজ্ঞানিক নাম Ziziphus oenoplia। এটাও আছে তিন উপপ্রজাতির।
অবশেষে বৈশাখ এল। মাসের মাঝামাঝি গিয়ে হাজির হলাম আনইগাছের কাছে। গাছের মাথা চাবুকের মতো ৮-১০ ফুট লম্বা। ডালে থোকায় থোকায় ধরে আছে আনই ফল। ডালের আগায় ফলের ছড়াছড়ি। কাঁচা ফলগুলো সবুজ, ডাঁসা ফল সাদাটে সবুজ। কাছেই আরেকটা গাছের একটা থোকায় পেলাম কয়েকটা পাকা ফল, সাদা রঙের।
ফলের স্বাদ না নিয়ে কি পারা যায়? ফলগুলো দেখতে কিছুটা ছোট নিম ফলের মতো। বিচিও নিম ফলের মতো, ঘিয়ে-সাদা ডিম্বাকার বা গোলাকার, বীজের খোসা মসৃণ, শাঁসের রং ঘিয়ে–সাদা। শাঁস অল্প, বীজ বড়। অল্প হলেও শাঁস খেয়ে মনে হলো, সেদ্ধ ডিমের কুসুম খাচ্ছি, হালকা মিষ্টি। কয়েকটা ফল পাখিতে ঠোকরানো। এই বনে এসব ফলই পাখির খাবার। বানরও ফলটা খায়।
এবার গাছের কাঁটা থেকে সাবধানে গা বাঁচিয়ে রাখলাম। খুব কাছে গিয়ে ফলগুলোর ছবি তুললাম।
আনই কুল গোত্রের বুনো গাছ। অন্য নাম আনিগোলা, রাগবরই বা জংলি বরই। স্থানীয়ভাবে কেউ কেউ আনাইও বলে। উদ্ভিদতাত্ত্বিক নাম Ziziphus rugosa, পরিবার র্যামনেসি। গুল্ম বা ছোট বৃক্ষ প্রকৃতির গাছ। ছোট মার্বেলের মতো প্রচুর গোল গোল ফল ধরে। পাকা ফলের ঘ্রাণ তীব্র।
আমরা মিষ্টি বরই পছন্দ করায় এসব বরই হারিয়ে যাচ্ছে। উদ্ভিদবিদেরা এ দেশে ১২ প্রজাতির বরইয়ের সন্ধান পেয়েছেন—আনই, ব্রুনি বরই, পাপড়িহীনা বরই, বন-বোগুরি, লাব্রা বরই, রাতা বরই, শিয়াকুল, পলেন বরই, বটা বরই, জাইলো বরই, কুরকুরি বরই ও কুল বরই। এ দেশের বনাঞ্চলে ও গ্রামীণ জঙ্গলে এগুলোর সবই একসময় পাওয়া যেত। এখন নারকেলি কুল, কচুয়া কুল, আপেল কুল, বাউকুল, কাশ্মীরি, বলসুন্দরী ইত্যাদি নানা জাতের কুল বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে।
অন্য বরই চাষ করা হয় না। তাই বন উজাড়ের সঙ্গে সঙ্গে এগুলো বিপন্ন হয়ে পড়েছে। শালবনে একশ্রেণির লোকের আগুন দেওয়ায় আনইগাছ এবং এর চারাগুলো পুড়ে যাচ্ছে। মানুষ এসব জংলি বরই না খেলেও পাখি আর বুনো প্রাণী খেয়ে বাঁচে। এসব বরই যেন না হারিয়ে যায়, জীববৈচিত্র্যের স্বার্থেই আমাদের সে চেষ্টা করা দরকার।