তিন বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির পূর্বাভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবহাওয়া অধিদপ্তর
ফাইল ছবি

দেশে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। আজ মঙ্গলবার তিন বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুই বিভাগের অনেক স্থানে আর বাকি বিভাগগুলোর কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানে আজ দিনের তাপমাত্রা বেড়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

গত জুন মাসের শুরুতে প্রচণ্ড গরম ছিল। সপ্তাহখানেক চলেছে এ গরম। দেশের কোথাও কোথাও এ সময় প্রচণ্ড তাপপ্রবাহও বয়ে যায়। জুনের ৮ তারিখ থেকে দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। এতে বৃষ্টি শুরু হয় বিভিন্ন এলাকায়। পরে বৃষ্টির কমে এলেও মাসের শেষ দিকে দেশের প্রায় সব প্রান্তে ব্যাপক বৃষ্টিপাত হয়।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া জুলাই মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জুনের বৃষ্টিপাতের রেকর্ড তুলে ধরা হয়েছে। সেই রেকর্ড অনুযায়ী, জুনে স্বাভাবিকের চেয়ে ১৬ শতাংশ কম বৃষ্টি হয়েছে। বেশির ভাগ বৃষ্টি হয়েছে মাসের শেষের দিকে। এ বৃষ্টিপাত হয়েছে মূল মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থানের কারণে।

আবহাওয়া অধিদপ্তর আজ সকাল নয়টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ প্রথম আলোকে বলেন, দেশে বৃষ্টির তীব্রতা গতকাল সোমবার থেকেই কমেছে। আজও তীব্রতা কম থাকতে পারে। তবে আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের ৪৪টি স্টেশনের বৃষ্টির রেকর্ড তুলে ধরে। দেখে গেছে, গত ২৪ ঘণ্টায় ১৫টি স্টেশনে বৃষ্টি হয়নি। ঢাকায় বৃষ্টি হয়েছে ২ মিলিমিটার। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে, ৮৬ মিলিমিটার।

আবুল কালাম মল্লিক আজ প্রথম আলোকে বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ আজ বাড়তে পারে।