ঢাকার বাতাসের মান আজও মাঝারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার রাস্তায় এখনো যান চলাচল কিছুটা কম। ঈদের ছুটির পর থেকে ঢাকার বাতাসের মান মাঝারি
ফাইল ছবি

ঈদের ছুটির পর রাজধানীতে যান চলাচল এখন কিছুটা বেড়েছে। টানা কয়েক দিন বৃষ্টিও হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকার বাতাসের মান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে।

সকাল ৮টা ৪৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৭০ নিয়ে ঢাকা বিশ্বব্যাপী দূষিত শহরের তালিকার ২১তম স্থানে রয়েছে।

ভারতের দিল্লি, চিলির সান্তিয়াগো ও ইন্দোনেশিয়ার জাকার্তা যথাক্রমে ১৫৪, ১৪৪ ও ১৪৩ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হলো— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদ্‌রোগ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়ে বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।