তাপপ্রবাহ ছিল ২২ জেলায়, আজও কি হবে

গরম থেকে শিশুকে রক্ষায় চার্জার ফ্যানের বাতাস দেওয়া হচ্ছে এক শিশুকে রেলওয়ে স্টেশন, রাজশাহীফাইল ছবি: প্রথম আলো

ঢাকাসহ দেশের ২২ জেলায় গতকাল শনিবার তাপপ্রবাহ বয়ে গেছে। অসহনীয় গরম বিপর্যস্ত করে ফেলেছিল জনজীবন। ভরা বর্ষার মৌসুমেও এ অবস্থা। আবহাওয়া অধিদপ্তর অবশ্য বলেছে, আজ রোববার তাপপ্রবাহ কমে যেতে পারে। বৃষ্টি বাড়তে পারে উপকূলীয় এলাকায়। কারণ, লঘুচাপ এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আর এর প্রভাবেই বাড়তে পারে বৃষ্টি। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে পারে দেশের বিভিন্ন স্থানে।

গতকাল রংপুর বিভাগ এবং রাজশাহী, নওগাঁ, পাবনা, ঢাকা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, ফেনী, কক্সবাজার ও চুয়াডাঙ্গা জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। রংপুর বিভাগের আটটি জেলা আছে। সেই হিসাবে গতকাল দেশের ২২ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। চলতি মাসের সর্বোচ্চ তাপপ্রবাহ ছিল গতকাল।

তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে গেলে তাকে তাপপ্রবাহ গণ্য করা হয়। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুরে, ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল এত তাপমাত্রা থাকলেও আজ কিন্তু তা কমতে পারে—এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। তিনি আজ সকাল প্রথম আলোকে বলেন, তাপমাত্রা কমে যাওয়ার কারণ, পুবালি বাতাস বইছে। মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে। এদিকে সাগরেও দেখা দিয়েছে সুস্পষ্ট লঘুচাপ।

সাধারণত সুস্পষ্ট লঘুচাপের পর নিম্নচাপ সৃষ্টি হয়। এবারও কি তেমন সম্ভাবনা আছে? ওমর ফারুক বলেন, সে সম্ভাবনা এখনো স্পষ্ট নয়। এমন হতে পারে যে সাগরে নিম্নচাপ সৃষ্টি না হয়ে সমতলে উঠে আসতে পারে।

সাগরের সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে উপকূলে বৃষ্টি শুরু হয়েছে। আজ হাতিয়া, পটুয়াখালী এলাকায় বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সূত্র।

আগামী দুই দিনের মধ্যে বৃষ্টি বাড়েতে পারে। আর তা দেশের বিভিন্ন স্থানে হতে পারে, জানান ওমর ফারুক। তিনি বলেন, আজ রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা আছে। দুপুরের দিকে রাজধানীতে বৃষ্টি হতে পারে। তবে এর পরিমাণ বেশি নাও হতে পারে।